
ছত্তিশগড়ের বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ন'জন। আনুমানিক ৩০ থেকে ৪০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্রটির একটি বয়লার ফেটে যাওয়ার কারণে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকায। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই ঘটনায় শোকপ্রকাশ করে বলেন, "খুবই মর্মান্তিক একটি ঘটনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কীভাবে বিস্ফোরণ হল তা তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
প্রাথমিকভাবে জানা গেছে, গরম জল যে পাইপ দিয়ে যায় তা ফেটে যায়। যার ফলে ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন গুরুতরভাবে জ্বলেপুড়ে যান।
আহত শ্রমিকদের পার্শ্ববর্তী রায়গড় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যার মধ্যে ওপি জিন্দাল ফোর্টিস হাসপাতালও রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকজন আহতের অবস্থা এখনও আশঙ্কাজনক। উদ্ধার অভিযান এখন স্থগিত করা হয়েছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত সকল শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই জেলা কালেক্টর ও পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারকাজ কেমন চলছে তা তদারকি করছেন।