
ফের কি একবার ভারতে বদনাম করতে মরিয়া চিন? বাংলাদেশে আসা চিনা ভ্লগারদের কাজকর্ম দেখে তাই মনে হতে বাধ্য। আচমকা বাংলাদেশে হাজির হয়েছেন প্রায় ১৫০ জন চিনা ভ্লগার। তাঁরা সারা দিন ঢাকার রাস্তা, বস্তি এবং কম উন্নত এলাকার ভিডিও করছেন। তবে শুধু তাই নয়, এই ভিডিওগুলিকেই নিউদিল্লির ভিডিও দাবি করে সরাসরি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেওয়া হচ্ছে। ভিডিওগুলোতে ভারতীয়দের জীবনযাত্রা, পরিচ্ছন্নতা এবং জীবনযাত্রার অবস্থা নিয়েও অবমাননাকর মন্তব্য করা হচ্ছে বলে দাবি।
এই ঘটনায় ভারতীয় মহল থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। চিনা ভ্লগাররা কি শুধু সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ও লাভের জন্য এটি করছে, নাকি তারা ভারতের ভাবমূর্তি নষ্ট করার কাজে যুক্ত রয়েছে। উদ্দেশ্য যাই হোক, বিষয়টি যে ভারতের জন্য অত্যন্ত ক্ষতিকর তা স্পষ্ট।
বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলোতে ৬ নভেম্বর প্রকাশিত একটি রিপোর্টে এই বিষয়ে দাবি করা হয়। রিপোর্ট বলছে, চিনা নাগরিকেরা ঢাকার উত্তরা ও টেকপাড়া এলাকায় ভিডিও করে সেই জায়গাকে নয়াদিল্লি হিসেবে তুলে ধরছে।
প্রথম আলোর একটি রিপোর্টে উল্লেখ করা হয়, উত্তরার সেক্টর ১২ ও তার সংলগ্ন টেকপাড়া এলাকার সরু রাস্তায় চিনা নাগরিকরা লাইভস্ট্রিম করছেন। গত ১ নভেম্বর উত্তরার সেক্টর ১২-এর একটি খালের ধারে ‘মিয়ানমিয়ান’ নামে এক চিনা মহিলাকে লাইভ ভিডিও করতে দেখা যায়। তিনি দর্শকদের জানান যে তিনি নয়াদিল্লিতে আছেন। এরপর তিনি সেখানকার বাড়িঘর ও চারপাশের পরিবেশকে অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর বলে বর্ণনা করেন।
একইভাবে, 'ওয়াং ওয়েই' নামে আরেকজন চিনা নাগরিক টেকপাড়ার চায়ের দোকানগুলোতে ভিডিও করেন। লাইভস্ট্রিম চলাকালীন তিনি স্থানীয় চা নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। তিনি দর্শকদের বলেন যে স্থানীয়রা 'গরুর মূত্র থেকে তৈরি চা' পান করে। তিনি এই চা-কে নোংরা নদীর জল থেকে তৈরি বলেও বর্ণনা করেন।
চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং
তদন্তে উঠে এসেছে, এই চিনা নাগরিকরা চিনের সোশ্যল মিডিয়া উইচ্যাট এবং ডুইয়িনে ভিডিও সম্প্রচার করছিলেন। ডুইয়িন চিনের একটি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম, যা টিকটকের চিনা ভার্সন হিসেবেও পরিচিত।
ভিডিও তৈরির কাজটি বেশ কয়েক মাস ধরে চলছে
এই বিষয়টি শুধু কয়েকটি ভিডিও বা কয়েকজন ভ্লগারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর আগে গত ২৮ মে বাংলাদেশের সংবাদমাধ্যম দি বিজনেস স্ট্যান্ডার্ডও ঢাকার টেকপাড়া এলাকায় চিনা ভ্লগারদের উপস্থিতি নিয়ে একটি রিপোর্ট পাবলিশ করেছিল। রিপোর্টে বলা হয়, চিনা ভ্লগাররা বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে পরপর ভিডিও রেকর্ড করছিলেন। লম্বা ভিডিও রেকর্ডিংয়ের সময় ফোন ঠান্ডা রাখার জন্য অনেককে কুলিং ফ্যান ব্যবহার করতেও দেথা যায়।