
আবারও দাম বাড়ল ITC-র একাধিক সিগারেটের। নতুন করে দাম বাড়ানো হয়েছে ক্লাসিক কানেক্ট এবং গোল্ড ফ্লেকের সুপার স্টারের। ফলে সিগারেটের নেশা যাঁদের দৈনন্দিন অভ্যাস, তাঁদের পকেটে পড়তে চলেছে আরও বাড়তি চাপ। বাজারে ইতিমধ্যেই নতুন MRP-র প্যাকেট ঢুকতে শুরু করেছে। তবে এই মুহূর্তে ITC-র সব সিগারেটের দাম বাড়েনি, নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে।
কত বাড়ল ক্লাসিক কানেক্টের দাম?
ক্লাসিক কানেক্টের ২০টি সিগারেটের প্যাকেটের দাম এক ধাক্কায় ৩৮ টাকা বাড়ানো হয়েছে। আগে এই প্যাকেটের MRP ছিল ৩৯০। এখন সেটিই বেড়ে হয়েছে ৪২৮ টাকা। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৯.৭৪ শতাংশ। যাঁরা নিয়মিত এই সিগারেট কেনেন, তাঁদের জন্য মাসের খরচে এর সরাসরি প্রভাব পড়তে পারে। বিশেষ করে পুরনো স্টক শেষ হয়ে নতুন MRP-র প্যাকেট বাজারে আসার পর এই বাড়তি দাম আরও স্পষ্টভাবে দেখা যাবে।
গোল্ড ফ্লেক স্টারের দাম কত?
দাম বাড়ানো হয়েছে গোল্ড ফ্লেক সুপার স্টারের ১০টি সিগারেটের প্যাকেটেরও। আগে এই প্যাকেটের দাম ছিল ৭৯ টাকা। নতুন MRP অনুযায়ী তা বেড়ে হয়েছে ৮৯। অর্থাৎ এক প্যাকেটে দাম বেড়েছে ১০ টাকা, যা প্রায় ১২.৬৬ শতাংশ বৃদ্ধি। অর্থাৎ একই প্যাকেট সিগারেট কিনতে এখন আগের তুলনায় আরও ₹১০ বেশি খরচ করতে হবে।
চলতি বছর একাধিকবার বেড়েছে দাম
এটাই অবশ্য চলতি বছরে ITC-র সিগারেটের দামে প্রথম বৃদ্ধি নয়। তামাকজাত পণ্যের কর কাঠামোয় পরিবর্তনের পর সিগারেট সংস্থাগুলি বিভিন্ন ব্র্যান্ডের দাম একাধিক দফায় বাড়িয়েছে।
ফেব্রুয়ারিতেও একাধিক ব্র্যান্ডের দাম বেড়েছিল। অর্থাৎ কয়েক মাসের মধ্যেই এই দুই ব্র্যান্ডের দামে একাধিকবার পরিবর্তন হয়েছে।
কেন বারবার বাড়ছে সিগারেটের দাম?
এর পিছনে রয়েছে তামাকজাত পণ্যের উপর করের পরিবর্তন। ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের ক্ষেত্রে ৪০ শতাংশ GST কার্যকর হয়েছে। পাশাপাশি নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কাঠামোও চালু হয়েছে।
এর পরেই ITC-সহ বিভিন্ন সিগারেট প্রস্তুতকারী সংস্থা একাধিক ব্র্যান্ডের দাম বাড়াতে শুরু করে। মূলত বাড়তি করের বোঝার প্রভাব সামলাতেই সংস্থাগুলি দাম বাড়ানোর পথে হাঁটছে বলে শিল্পমহলের বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাই এবারের মূল্যবৃদ্ধিকে কর কাঠামোর পরিবর্তনের পরে ITC-র নেওয়া ধারাবাহিক মূল্যবৃদ্ধিরই অংশ হিসেবে দেখা হচ্ছে।
সিগারেট বিক্রি কমতে পারে?
দাম বাড়ার প্রভাব শুধু ক্রেতার পকেটেই পড়ে না, সংস্থার বিক্রির উপরও তার প্রভাব পড়তে পারে। সিগারেটের দাম বাড়লে কিছু ক্রেতা ধূমপানের পরিমাণ কমাতে পারেন, আবার কেউ কম দামের ব্র্যান্ডের দিকে যেতে পারেন। ফলে সংস্থাগুলির মোট বিক্রির পরিমাণে চাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
ব্রোকারেজ সংস্থা Nomura-ও আগে জানিয়েছিল, কর বৃদ্ধির প্রভাব সামলাতেই ITC দাম বাড়িয়েছে। একইসঙ্গে বেশি দাম সিগারেটের বিক্রির পরিমাণের উপর চাপ তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
বাজারে কবে থেকে নতুন দাম?
ডিলারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন MRP-সহ প্যাকেট ইতিমধ্যেই বাজারে ঢুকতে শুরু করেছে। ফলে পুরনো দামের স্টক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের নতুন MRP-তেই সিগারেট কিনতে হতে পারে।