
দিল্লির আন্দোলনে পাকিস্তানি যোগ। কেন্দ্রীয় সরকারের হাতে এমনই প্রমাণ এসেছে। খবর সূত্রের। অভিযোগ, পাকিস্তানের বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দিল্লির আন্দোলনের প্রচার করা হচ্ছে। সেখান থেকে উস্কানিও দেওয়া হচ্ছে।
সূত্রের দাবি, সরকারের নজরে ৪০০-রও বেশি এক্স হ্যান্ডেল এসেছে। সেই সব অ্যাকাউন্ট থেকে আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারও চালানো হচ্ছে। সেই অ্যাকাউন্টগুলি দ্রুত বন্ধ করার ক্ষেত্রে পদক্ষেপ করতে চলেছে সরকার।
এদিকে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতৃত্বে চলা বিক্ষোভের মধ্যে হিংসা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে রাজধানীর পুলিশ। সূত্রের দাবি, বিক্ষোভ চলাকালীন কেউ যদি হিংসা বা দাঙ্গায় জড়িত অবস্থায় ধরা পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হতে পারে।
দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে আইনশৃঙ্খলা নষ্ট করা বা হিংসাত্মক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে সরকার। যাঁরা হিংসায় জড়িত, তাঁদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বর্তমানে যন্তর-মন্তরে CJP-র বিক্ষোভ চলছে। সোমবার সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশকর্মী জখম হন।
তবে পুলিশ সূত্র স্পষ্ট করেছে, শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। কেবলমাত্র যারা হিংসা, দাঙ্গা বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনায় জড়িত বলে প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।