
NEET-এর প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দিল্লিতে ফের উত্তেজনা। পুলিশের দাবি, টলস্টয় মার্গে বিক্ষোভকারীদের একাংশ হঠাৎই পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের উপর পাথর ছুড়তে শুরু করে। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী জখম হন।
পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতোই টলস্টয় মার্গে RAF ও দিল্লি পুলিশের বাহিনী মোতায়েন ছিল। সেই সময় আচমকাই পাথর ছোড়া শুরু হয়। অভিযোগ, বড় বড় পাথর ছাড়াও বোতল ছোড়া হয়। কয়েকজন বিক্ষোভকারীর হাতে লাঠিও ছিল বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে RAF হালকা বলপ্রয়োগ করে। পুলিশ ২ থেকে ৩টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
উল্লেখ্য, NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর-মন্তরে বিক্ষোভ এখনও চলছে। পুলিশের দাবি, সেখানে জমায়েত হওয়া একাংশ বিক্ষোভকারী টলস্টয় মার্গে চলে এসে পাথর ছুড়তে শুরু করে। তবে কেন এই সংঘর্ষের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়।
দিল্লি পুলিশের দাবি, বুধবারের সংঘর্ষে মোট পাঁচজন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দুই জন ACP, দুই জন ইনস্পেক্টর এবং এক জন কনস্টেবল। পুলিশের আরও অভিযোগ, কয়েকজন বিক্ষোভকারীর হাতে তলোয়ার ও খুকরিও দেখা যায়।
এদিকে, বুধবার যন্তর-মন্তরের বিক্ষোভ আরও বেশি সংখ্যক লোক জমায়েত করে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন বিক্ষোভকারী সেখানে পৌঁছয়। তাদের অনেকেই বাস ও ট্রেনে রাতভর সফর করে দিল্লিতে আসে। কেউ কাঁধে ব্যাগ, কেউ হাতে ভাঁজ করা ব্যানার নিয়ে সরাসরি বিক্ষোভস্থলে পৌঁছয়।
বিক্ষোভস্থলে স্বেচ্ছাসেবকেরা নতুন করে আসা অংশগ্রহণকারীদের বসার জায়গা দেখিয়ে দেয়। তাদের মধ্যে পানীয় জল ও খাবারের প্যাকেট বিতরণ করে। সেখানে স্কুলপড়ুয়া, কলেজের ছাত্রছাত্রী, অফিসযাত্রী এবং প্রবীণ নাগরিকদের একসঙ্গে আন্দোলনে অংশ নিতে দেখা যায়।