
CJP Jantar Mantar protest withdrawn 2026: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। শনিবার(২৫ জুলাই) যন্তর মন্তর থেকে ধর্না-বিক্ষোভ তুলে নিল ককরোচ জনতা পার্টি (CJP)। নিট (NEET) সহ একাধিক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস বিতর্কে যে ছাত্র আন্দোলন চলছিল, তার অবসান ঘটল। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর (FIR) প্রত্যাহারেরও আশ্বাস দিয়েছে কেন্দ্র। সরকারের সঙ্গে পরপর তিন দফা বৈঠকের পর এই সিদ্ধান্ত CJP র।
গত কয়েক দিন ধরে দিল্লির যন্তর মন্তরে CJP-র হাজার হাজার শিক্ষার্থী অবস্থান আন্দোলন করছিলেন। পরিস্থিতি সামাল দিতে সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে একাধিক প্রস্তাব দেওয়া হয়। তা সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা।
শিক্ষামন্ত্রীর ইস্তফা, তৃতীয় দফার বৈঠক, বরফ গলার ইঙ্গিত
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কার মধ্যে তৃতীয় দফার বৈঠক হয়। এর আগেই আন্দোলনকারীদের মূল দাবি মেনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রীর ইস্তফার খবর পাকা হতেই আলোচনার টেবিলে বরফ গলতে শুরু করে।
বৈঠক শেষে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং অন্যান্য সংগঠকেরা আনুষ্ঠানিকভাবে যন্তর মন্তরের ধর্না কর্মসূচি বন্ধের ঘোষণা করেন।
মামলা প্রত্যাহার; কেন্দ্রের লিখিত প্রতিশ্রুতি
আন্দোলনকারীদের দ্বিতীয় প্রধান দাবি ছিল দিল্লি সহ সমস্ত বিজেপি-শাসিত রাজ্য এবং শরিকি রাজ্যগুলিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা ও এফআইআর নিঃশর্তে প্রত্যাহার করা।
সিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, কেন্দ্র সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। তাদের দাবি, শুধু দিল্লিতেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৫ থেকে ২০টি এফআইআর দায়ের হয়েছিল। সরকারের আশ্বাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই সমস্ত এফআইআর-এর প্রতিলিপি আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হবে। দ্রুত তা খারিজের প্রক্রিয়া শুরু হবে।
এদিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মামলা বাতিলের আশ্বাস মিলতেই যন্তর মন্তরে পড়ুয়াদের মধ্যে জয়ের উল্লাস শুরু হয়ে যায়। সিজেপি নেতৃত্ব জানায়, আপাতত অবস্থান বিক্ষোভ ও ধর্না তুলে নেওয়া হচ্ছে বটে, কিন্তু মঙ্গলবার সরকার সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত করছে কিনা, সেদিকেও নজর রাখবেন তাঁরা।