
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বুধবার সকালে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়েপরিণত হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। IMD-র সকাল ৫টা ৩০ মিনিটের ওয়েদার বুলেটিনে অনুযায়ী, বিগত ৬ ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি।
বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৫টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় ৫৮০ কিলোমিটার পূর্বে, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৫০ কিলোমিটার উত্তর-পূর্বে, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৭৩০ কিলোমিটার দক্ষিণে।
কোথায় ল্যান্ডফল?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর, শুক্রবার দুপুর নাগাদ পুরী ও নরসাপুরের মাঝখান দিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’। নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সাইক্লোনটির। সেই সময় এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই স্থলভাগে প্রবেশ করতে পারে।
স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া দফতর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
বুলেটিনে জানা গিয়েছে, অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। এই পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলায় কী প্রভাব?
বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত মিলছে। বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ের দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ২১ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টির কোনও সতর্কতাও জারি করা হয়নি।