Advertisement

Cyclone Akvan: সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে সাইক্লোন 'আকভান', কবে-কোথায় আছড়ে পড়বে?

সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে শনিবার। রবিবারই তা পরিণত হবে গভীর নিম্নচাপে। আর সোমবার মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা সাইক্লোন 'আকভান'-এর। কোথায় কখন হতে পারে এর সম্ভাব্য ল্যান্ডফল?

সাইক্লোন আকভান কবে কখন আছড়ে পড়বে? সাইক্লোন আকভান কবে কখন আছড়ে পড়বে?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 1:03 PM IST
  • সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে
  • রবিবারই তা পরিণত হবে গভীর নিম্নচাপে
  • সোমবার মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা সাইক্লোন 'আকভান'-এর

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬ নভেম্বর, সোমবার সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে IMD। এই সাইক্লোনটি তৈরি হলে নাম হবে 'আকভান'। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিনে সমুদ্রের পরিস্থিতিও ক্রমশ খারাপ হতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গতকাল যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, শনিবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ৫টায় সেটি একই অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

'আকভান' ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ইরান। পারস্যের পুরাণ এবং মহাকাব্য শাহনামায় 'আকভান দিভ' এক মায়াবী দানব। দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। তবে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলার আবহাওয়ায় সেটির বড় কোনও প্রভাব বিস্তারের আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে। তবে  ১৮ নভেম্বরের শেষভাগ থেকে পরবর্তী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ৫০-৬০ কিমি বেগে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৮০ কিমি প্রতি ঘণ্টা। 

 

Read more!
Advertisement
Advertisement