
হামজা আলি মাজারির একটাই আক্ষেপ ছিল, 'ধুরন্ধর' হয়ে পাকিস্তানে গিয়ে ভারতের একের পর এক শত্রুকে নিকেশ করলেও দাউদ ইব্রাহিমকে খতম পারেননি। কয়েক দশক ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় রয়েছে দাউদ। ১৯৯৩ সালের মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পর পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। দাউদকে মারতে না পারার সেই আক্ষেপ কিছুটা কমিয়ে পাকিস্তানে ভারতের আরও এক গুপ্তচর জামালি জানান, একটি পার্টিতে দাউদকে বিষ দিয়েছিলেন। তারপর থেকে সে নাকি বিছানাতেই পড়ে থাকে। অর্থাৎ এখন আর কোনও কাজেরই নয়। পরিচালক আদিত্য ধরের ছবি ধুরন্ধরের দ্বিতীয় পর্বের কাহিনি এমনই। কিন্তু দাউদ ইব্রাহিমের বাস্তব জীবনও কি ছবিতে দেখানো পরিস্থিতির মতো? উত্তর, না। ছবিতে দাউদের যে অবস্থার কথা দেখানো হয়েছে, বাস্তবের সঙ্গে তার বিস্তর ফারাক রয়েছে। অন্তত এমনটাই দাবি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক প্রাক্তন এজেন্ট। কী দাবি তাঁর?
গত কয়েক দশকে তাঁর কোনও নতুন ছবিও প্রকাশ্যে আসেনি। কালো চশমা, পরিপাটি করে আঁচড়ানো চুল, চেয়ারে বসে থাকা এক তরুণের যে ছবিটি সর্বত্র দেখা যায়, সেটিই দাউদের পরিচিত ছবি। এখন তিনি দেখতে কেমন, তা নিয়ে নিশ্চিত করে কারও কিছু জানা নেই। ওই এজেন্টের দাবি, আতঙ্কের ছায়ায় থাকলেও বিলাসিতার জীবন কাটায় দাউদ। মুজরা দেখতে ভালবাসে। মদ্যপানের অভ্যাস ছেড়ে এখন নাকি কোকেনের প্রতি আসক্তি তার। করাচির বাংলোয় পরিবারের সঙ্গে থাকে সে। মাঝেমধ্যে বাড়ির বাইরেও বেরোয়। ৭০ বছর বয়সি এই গ্যাংস্টারের জীবন আজও গোটা বিশ্বের কাছে এক রহস্য।
করাচিতে থাকে দাউদ
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কামরান ফরিদি সম্প্রতি দাউদের রহস্যময় জীবনযাপন নিয়ে মুখ খুলেছেন। 'ইন্ডিয়া টুডে'-র সাংবাদিক অরবিন্দ ওঝার সঙ্গে পডকাস্টে কথা বলেছেন ফরিদি। তাঁর দাবি, সুদান, চাদ এবং ঘানার মতো দেশে এফবিআইয়ের হয়ে কাজ করেছেন তিনি। ফরিদির দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুতর উত্তেজনা সত্ত্বেও দাউদ নিজের বাসস্থান বদলায়নি। এখনও করাচির কড়া নিরাপত্তায় মোড়া ক্লিফটন এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তবে একাধিক নিরাপদ আস্তানায় যাতায়াত রয়েছে দাউদের। বাড়ির নীচে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে বলেও এক সময়ে গুজব ছড়িয়েছিল। ফরিদির দাবি, সেই কথার কোনও সত্যতা নেই। তবে বাড়ির পিছন দিকে একটি রাস্তা রয়েছে, যা গিয়ে মিশেছে একটি মাজারের কাছে। সেখানে প্রায়ই প্রচুর মানুষের ভিড় থাকে। ফলে ওই রাস্তা দিয়ে পালিয়ে গেলে ধরা পড়ার আশঙ্কা অনেকটাই কম।
রাতের লোক দাউদ
ফরিদি আরও জানিয়েছেন, দাউদ মূলত রাতের মানুষ। দিনের বেলায় বাড়ি থেকে বেরোয় না। রাত ১০টার পর বাইরে বেরোয়। ফজরের নমাজের আগে অর্থাৎ ভোর হওয়ার আগেই বাড়ি ফিরে আসে। দাউদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পাকিস্তানের অভিজাত স্পেশ্যাল সার্ভিসেস গ্রুপের (SSG) কম্যান্ডোরা। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এই কম্যান্ডোদের পাশাপাশি ৩৫ থেকে ৪৫ জন নিরাপত্তারক্ষী ২৪ ঘণ্টা ডনের পাহারায় মোতায়েন থাকে। প্রত্যেকের কাছেই থাকে স্বয়ংক্রিয় একে-৪৭ রাইফেল।
নিরাপত্তার বেষ্টনীতে দাউদ
১৯৯৩ সালের বিস্ফোরণ মামলার আর এক অভিযুক্ত ছোট শাকিলই দাউদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা দেখাশোনা করেন। প্রতি শুক্রবার নিরাপত্তার বিষয়ে রিপোর্ট দিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদর দফতরেও যায় সে। দাউদ এবং ছোট শাকিল দু'জনেই বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করে। ফরিদির দাবি, ওই গাড়িগুলি বোমা ও স্নাইপারের হামলা প্রতিরোধ করতে পারে। এমনকি রকেটের আঘাতও সামলাতে সক্ষম। গাড়িগুলি দুবাই থেকে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিলাসিতায় কাটায় দাউদ
দাউদ নিজেকে ধর্মপ্রাণ হিসেবে তুলে ধরলেও বাস্তবটা নাকি একেবারেই আলাদা। ফরিদির দাবি, দিনে পাঁচ বার নমাজ পড়া মানুষ নয় দাউদ। বরং বিলাসিতায় মগ্ন থাকে সে। মুজরা দেখতে পছন্দ করে। আগে মদ্যপানের অভ্যাস থাকলেও এখন কোকেনের প্রতি আসক্তি বেশি। ফরিদির দাবি, এক বার তাঁর কাছ থেকেও এক বোতল মদ আনিয়েছিল দাউদ। সেই বোতলের দাম ছিল এক লক্ষ টাকারও বেশি।
২০ বছরের ছোট মেয়ে বিয়ে
পাকিস্তানে নিজের থেকে প্রায় ২০ বছরের ছোট আয়েশা নামে এক তরুণীকে বিয়ে করেছে দাউদ। করাচিতে কালো মার্সিডিজ গাড়িতে আয়েশাকে প্রায়ই ঘুরতে দেখা যায় বলে দাবি ফরিদির। পাকিস্তানের নিরাপত্তা মহলে দাউদকে বড়ে সাহেব বা বড়ে ওয়ালে নামে ডাকা হয়। এখনও নিজের অপরাধের সাম্রাজ্যের কাজে সক্রিয় দাউদ। ভারত ও পাকিস্তানে মাদক কারবার চালায়। দাউদ যখন ভারত থেকে পালিয়ে পাকিস্তানে গিয়েছিল, তখন মুম্বইয়ের ফকির ইসলাম বাবাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল। ওই ফকিরের অনুমতি ছাড়া দাউদ বা তার গ্যাং কোনও অভিযান চালায় না।
কীভাবে দাউদের কাছে ফরিদি?
এবার প্রশ্ন, এফবিআইয়ের এজেন্ট ফরিদি কীভাবে দাউদের গ্যাংয়ে ঢুকেছিল? কীভাবেই বা তাঁর হাতে এল এত গোপন তথ্য? তার জবাব দিয়েছেন ফরিদি। তাঁর দাবি, ১৯৯৫ সালে এফবিআইয়ে যোগ দেওয়ার পর তাঁকে দাউদের গ্যাংয়ে ঢুকে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। নিজের পাকিস্তানি পরিচয় গোপন রেখে রুশ মাফিয়া হিসেবে পাকিস্তানে যান। সেই সময়ে দাউদের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন জাবির মোতিওয়ালা। তিনিই ফরিদির সঙ্গে ডনের পরিচয় করিয়ে দেন। এরপর দাউদের ডি কোম্পানির হয়ে কাজ শুরু করেন ফরিদি। দাউদের হাওয়ালা কারবারের পরিকাঠামো গড়ে তুলতেও সাহায্য করেছিলেন বলে তাঁর দাবি। গ্যাংয়ের অন্দরমহলের বেশিরভাগ তথ্য তিনি পেতেন দাউদের ভাই আনিস ইব্রাহিমের ছেলে আলি কাস্করের কাছ থেকে।
এখন গুপ্তচরবৃত্তির জগৎ ছেড়ে দিয়েছেন ফরিদি। স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে থাকেন। ধুরন্ধরের গল্প পর্দায় শেষ হয়ে যায়। কিন্তু দাউদ ইব্রাহিমের কাহিনি থেকে স্পষ্ট, 'ধুরন্ধরে'র ভয়ে নিরাপত্তার বেষ্টনীতেই জীবন কাটায় সে।