Advertisement

মুম্বইয়ে Dawood Ibrahim এর বাড়ি নিয়ে বিরাট ঝামেলা, বুলডোজার অ্যাকশনে কেন প্রশ্ন?

বিএমসির উচ্ছেদ অভিযান এবং মসজিদ নিয়ে বিতর্ক এখন আদালতের নির্দেশ ও প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে আটকে রয়েছে। পুরসভার দাবি, বিপজ্জনক ভবন ভেঙে ফেলা জরুরি। অন্যদিকে মসজিদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আদালতের নির্দেশের কথা তুলে ধরে অভিযান বন্ধ রাখার দাবি জানাচ্ছেন।

মুম্বইয়ে একটি বহুতল ঘিরে বিতর্ক।মুম্বইয়ে একটি বহুতল ঘিরে বিতর্ক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 10:31 PM IST
  • দাউদ ইব্রাহিমের পুরনো ঠিকানা।
  • বুলডোজার অ্যাকশন নিয়ে প্রশ্ন।

মুম্বইয়ের ভিন্ডি বাজারে একটি বহুতল ভেঙে ফেলার প্রস্তুতি শুরু করেছে পুরসভা। এই সেই বাড়ি যেখানে এক সময়ে বসে অপরাধজগতে হাতেখড়ি হয়েছিল দাউদ ইব্রাহিমের। সেখান থেকেই ধীরে ধীরে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠে। এখানেই ১৯৯৩ সালে বোমা বিস্ফোরণের ষড়যন্ত্র তৈরি হয়েছিল। কিন্তু এবার বিতর্ক শুধু দাউদের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে নয়। কারণ বৃহন্মুম্বই পুরসভা যে মুসাফিরখানা ভবনে বুলডোজার চালানোর প্রস্তুতি নিচ্ছে, তার একতলাতেই রয়েছে একটি মসজিদ ও প্রার্থনাস্থল। সেখানে পাঁচবার নমাজ পড়া হয়। প্রশ্ন উঠছে, দাউদের সঙ্গে সম্পর্কিত এই বাড়ি কেন ভাঙা হচ্ছে? মসজিদ নিয়ে বিতর্কই বা কী? বাড়িটি ভাঙার জন্য আদালতের নির্দেশ রয়েছে কি না? জেনে নেওয়া যাক বিস্তারিত।

মুম্বইয়ের ভিন্ডি বাজারে পাকমোড়িয়া স্ট্রিট এবং সেকেন্ড কুপার স্ট্রিটের কাছে রয়েছে হাজি ইসমাইল হাবিব মুসাফিরখানা নামে একটি বাড়ি। সেখানে মোট ৩৬টি ঘর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সব মানুষ হজে যাওয়ার জন্য মুম্বই হয়ে মক্কায় যেতেন, তাঁদের থাকার ব্যবস্থা করতেই তৈরি হয়েছিল এই ভবন। মুম্বইয়ে এসে যাতে তাঁরা এক জায়গায় থাকতে পারেন, সেই উদ্দেশ্যেই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এই ভবনের একতলায় রয়েছে একটি প্রার্থনাস্থল। স্থানীয় বাসিন্দারা সেটিকে মুসাফিরখানা মসজিদ বলে চেনেন। সেখানে নিয়মিত নমাজ পড়া হয়। ১৯৪৪ সালে বম্বে হাইকোর্ট একটি ট্রাস্টের মাধ্যমে ভবনটির দেখভাল এবং হজযাত্রীদের থাকার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছিল। সময়ের সঙ্গে হজযাত্রীর সংখ্যা কমতে থাকায় উপরের তলাগুলির ঘর ভাড়া দেওয়া শুরু হয়। একতলার ৩৬টি দোকান ও গুদামঘর ভাড়া দেওয়া হয়েছিল। সেখান থেকে পাওয়া অর্থ ট্রাস্টের কাজে লাগত।

দাউদের ঠিকানা

কিন্তু আটের দশকে টেমকর মহল্লা ছেড়ে কাসকর পরিবার পাকমোড়িয়া স্ট্রিটে চলে আসার পর এই বাড়িই হয়ে ওঠে তাদের ঠিকানা। ধীরে ধীরে ওই পরিবারের সদস্য দাউদ ইব্রাহিম কাসকর বাড়িটিকে অপরাধের ঘাঁটিতে পরিণত করে বলে অভিযোগ। এখান থেকেই অপরাধজগতে হাতেখড়ি হয় তার। এই বাড়িতে থাকাকালীন মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত ডি কোম্পানি গড়ে তোলে দাউদ। এই বাড়িতেই একবার দাউদের উপর প্রাণঘাতী হামলাও হয়েছিল। তার বিরোধী পাঠান গ্যাংয়ের সদস্যেরা পর পর গুলি চালিয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement

কেন বাড়িটি ভাঙা দরকার?

বর্তমানে বাড়িটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। বিএমসি ভবনটিকে সি-১ শ্রেণিভুক্ত করেছে। অর্থাৎ বাড়িটির অবস্থা এতটাই বিপজ্জনক যে আশপাশ দিয়ে যাতায়াত করা মানুষ এবং রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের জীবনহানির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সেকেন্ড কুপার স্ট্রিটের প্রস্তাবিত সড়ক সম্প্রসারণের জন্যও ভবনটি ভাঙা প্রয়োজন। সেই কারণেই বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। গত ১৬ নভেম্বর নোটিস জারি করে বিএমসি। ঠিক করা হয়, ১৮ থেকে ১৯ নভেম্বরের মধ্যে পুলিশি নিরাপত্তায় বাড়ি ভাঙার কাজ শুরু হবে। নোটিসে আরও বলা হয়, ভবনের মসজিদে যাঁরা নমাজ পড়েন, তাঁরা যেন অন্যত্র চলে যান। কারণ বাড়ি ভাঙার সময় মসজিদটিও ভেঙে ফেলা হবে।

ট্রাস্টের প্রস্তাব কী?

ভবনটির দেখভালের দায়িত্বে থাকা সইফি বুরহানি আপলিফ্টমেন্ট ট্রাস্ট এক্ষেত্রে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। প্রথমত অন্য কোনও জায়গায় অস্থায়ী প্রার্থনাস্থলের ব্যবস্থা করা। দ্বিতীয়ত উপযুক্ত কোনও জায়গা ভাড়া নেওয়ার জন্য আর্থিক সাহায্য দেওয়া। কিন্তু মসজিদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, অস্থায়ী নয়, ওই জায়গাতেই স্থায়ীভাবে উপাসনার ব্যবস্থা করতে হবে। আর তা নিয়েই ক্রমশ বাড়ছে বিতর্ক।

স্থানীয়দের দাবি কী?

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ভবনে ১০০ থেকে ১৫০ বছরের পুরনো একটি মসজিদ রয়েছে। সেখানে প্রতিদিন পাঁচবার নমাজ পড়া হয়। তাঁদের আরও দাবি, এই মামলায় সুপ্রিম কোর্ট এবং একটি ট্রাইব্যুনাল স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ থাকা সত্ত্বেও বিএমসি তাড়াহুড়ো করে নোটিস সাঁটিয়েছে বলে অভিযোগ তাঁদের। এমনকি আদালতের দ্বারস্থ হওয়ার জন্যও যথেষ্ট সময় দেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। যদিও বিএমসির বক্তব্য, বাড়িটি ভাঙার প্রক্রিয়া ২০২০ সাল থেকেই চলছে। ২০২০ সালের ৩১ অগাস্ট বম্বে হাইকোর্ট এই ভবন নিয়ে নির্দেশ দিয়েছিল। পুরসভার দাবি, বাড়িটির বিপজ্জনক অবস্থা এবং রাস্তা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন তাড়াহুড়ো?

ভবন ভাঙার খবর ছড়িয়ে পড়তেই ভিন্ডি বাজারে জড়ো হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে পৌঁছন স্থানীয় বিধায়ক আমিন পটেল, এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান এবং বেশ কয়েকজন মুসলিম ধর্মগুরু। আমিন পটেল প্রশাসনের হাতে পুরনো নথিপত্র এবং আদালতের নির্দেশ তুলে দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর প্রশ্ন, এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে ১৫ দিনের নোটিস দেওয়ার নিয়ম থাকলে বিএমসি মাত্র ২৪ ঘণ্টা সময় দিল কেন? ওয়ারিস পাঠান এই ঘটনাকে বুলডোজার রাজনীতি বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, দেশ চলবে সংবিধান ও আইন মেনে। বুলডোজার দিয়ে নয়। পাশাপাশি সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, দাউদ ইব্রাহিমের পুরনো ঠিকানার সঙ্গে কি মুসাফিরখানা মসজিদও গুঁড়িয়ে দেওয়া হবে? মসজিদের জন্য ওই জায়গাতেই কি স্থায়ী উপাসনাস্থলের ব্যবস্থা করা হবে? আর অভিযান শুরুর আগে আদালতের নির্দেশ নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব দিতে পারবে কি বিএমসি? আপাতত আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Read more!
Advertisement
Advertisement