
Delhi airport flight cancellation: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক উড়ানে বড়সড় ধাক্কা। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০০টি আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে। বিমান সংস্থাগুলি জানিয়েছে, পশ্চিমমুখী একাধিক রুটে হঠাৎ সূচি বদল ও অপারেশনাল সমস্যার কারণেই এই সিদ্ধান্ত। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (DIAL) এক বিবৃতিতে জানায়, 'মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে পশ্চিমমুখী আন্তর্জাতিক উড়ানে বিঘ্ন বা সময়সূচি পরিবর্তন হতে পারে।'
সূত্রের খবর, বাতিল হওয়া উড়ানের মধ্যে ৬০টি আন্তর্জাতিক ডিপার্চার এবং ৪০টি অ্যারাইভাল রয়েছে।
কেন এই পরিস্থিতি?
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিমান হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালায়। ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ রাতভর উত্তেজনার জেরে অন্তত ১১টি দেশ সতর্কতামূলকভাবে নিজেদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেয়। তার ফলেই আন্তর্জাতিক রুটে ব্যাপক বিপর্যয় দেখা দেয়।
শনিবারই মধ্যপ্রাচ্য, ইউরোপ ও পশ্চিমমুখী প্রায় ৪১০টি উড়ান বাতিল হয়েছিল। রবিবার আরও প্রায় ৪৪৪টি আন্তর্জাতিক উড়ান বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
দিল্লি বিমানবন্দরে চরম ভোগান্তি
দেশের বৃহত্তম বিমানবন্দর হিসেবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন গড়ে ১,৩০০-র বেশি উড়ান চালনা করে। কিন্তু রবিবার সকাল থেকেই ইউরোপ, গালফের যাত্রীদের লম্বা লাইন, বিভ্রান্তি ও অনিশ্চয়তার ছবি ধরা পড়েছে।
অনেক যাত্রী বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন, তাঁদের উড়ান বাতিল হয়েছে। পরবর্তী ফ্লাইট কবে; সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় ক্ষোভও বাড়ছে।
এয়ার ইন্ডিয়ার একাধিক রুটে বাতিল
নিরাপত্তাজনিত কারণে ১ মার্চ একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। দিল্লি থেকে লন্ডন হিথরো, বার্মিংহাম, আমস্টারডাম, জুরিখ, মিলান, ভিয়েনা, কোপেনহেগেন ও ফ্রাঙ্কফুর্টগামী উড়ান বাতিল হয়েছে। পাশাপাশি মুম্বই-লন্ডন ও বেঙ্গালুরু-লন্ডন পরিষেবাও স্থগিত।
সংস্থা জানিয়েছে, যাত্রীদের রেজিস্টার্ড মোবাইল ও ইমেল আইডিতে আপডেট পাঠানো হচ্ছে। পাশাপাশি ওয়েবসাইট বা ২৪x৭ কল সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কাতার ও দুবাইতেও প্রভাব
কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়ায় কাতার এয়ারওয়েজও পরিষেবা স্থগিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উড়ান চালু হবে না বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশে সামান্য ক্ষতি হয়েছে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য টার্মিনাল আংশিক খালি করা হয়েছিল।