Advertisement

Delhi CNG Price Hike: CNG-এর দাম ৩.৮৯ টাকা বেড়ে হল ৮৭, এবার অটো ভাড়া বৃদ্ধির পালা?

ফের বাড়ল সিএনজি-এর দাম। কেজিতে ৩.৮৯ টাকা দাম বেড়েছে দিল্লিতে। এখন দাম ৮৭ টাকা। আর এই দাম বৃদ্ধির ফলে অটো ভাড়া বাড়ার আশঙ্কা রয়েছে। এমনকী ক্যাবের ভাড়াও বৃদ্ধি পেতে পারে। তাই ঝটপট গোটা বিষয়টা জেনে নিন।

সিএনজি-এর দাম বৃদ্ধি (ছবি: পিটিআই)সিএনজি-এর দাম বৃদ্ধি (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 6:20 AM IST
  • ফের বাড়ল সিএনজি-এর দাম
  • কেজিতে ৩.৮৯ টাকা দাম বেড়েছে দিল্লিতে
  • আর এই দাম বৃদ্ধির ফলে অটো ভাড়া বাড়ার আশঙ্কা রয়েছে

আবার মূল্যবৃদ্ধির খবর। দিল্লিতে দাম বাড়ল কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-এর। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড সিএনজি-এর দাম প্রতি কেজিতে ৩.৮৯ টাকা বাড়িয়েছে। আর এই ঘোষণার পরই মোটামুটি আশঙ্কায় গোটা দেশ। কারণ, দিল্লির পর এবার অন্যান্য রাজ্যেও দাম বাড়তে পারে। সেক্ষেত্রে বাদ নাও পড়তে পারে বাংলা। আর সিএনজি-এর দাম বাড়ার অর্থ হল অটো এবং ক্যাবের ভাড়া বৃদ্ধির আশঙ্কা। যার প্রভাব সোজাসুজি সাধারণ মানুষের পকেটে গিয়ে পড়তে পারে। 


প্রসঙ্গত, শনিবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। যার ফলে দিল্লিতে সিএনজি-এর দাম প্রতি কেজি ৮৩.০৯ টাকা থেকে বেড়ে ৮৬.৯৮ টাকা হয়ে গিয়েছে।

কেন বাড়ল দাম?
এই বিষয়টাও জানিয়েছে সংস্থা। তারা এক প্রেস বিবৃতিতে দাবি করেছে, পশ্চিম এশিয়ায় ফের সঙ্কট তীব্র হয়েছে। যার দরুন জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে এলএনজি-এর দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এর ফলে হরমুজ প্রণালীর মাধ্যমে এলএনজি আনতে সমস্যা হচ্ছে।

সংস্থা আরও জানায় আন্তর্জাতিক গ্যাসের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। দিল্লির সিএনজি গ্রাহকদের এখনও পর্যন্ত আমদানি করা স্পট এলএনজি-এর দামের ওঠানামা থেকে অনেকটাই সুরক্ষিত রাখা হয়েছে।

সংস্থার বক্তব্য, সিএনজি গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ আমদানি করা স্পট এলএনজি থেকে আসে। ফলে আন্তর্জাতিক বাজারে এলএনজি-এর দাম বাড়লে তার প্রভাব পড়ে সিএনজি-এর উপর। তখন দাম বৃদ্ধি জরুরি হয়ে পড়ে।

এছাড়া ভারতের সিএনজি-এর ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে আমদানি করা গ্যাসের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামে কতটা বেড়েছে?

আইজিএল-এর তথ্য অনুযায়ী, ইউরোপের টিটিএফ গ্যাসের দাম ফেব্রুয়ারির শেষের দিকে প্রতি এমএমবিটিইউ প্রায় ১১.৩৬ মার্কিন ডলার ছিল। ২৭ অগাস্ট তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩.৩৫ ডলার। অর্থাৎ প্রায় ১০৫ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে এশিয়ার জেকেএম এলএনজি-এর দাম একই সময়ে প্রতি এমএমবিটিইউ প্রায় ১০.৯৯ ডলার থেকে বেড়ে ২৩.৪১ ডলার হয়েছে। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে প্রায় ১১৩ শতাংশ।

Advertisement

তুলনায়, এই সময়ের মধ্যে দিল্লিতে সিএনজি-এর দাম প্রতি কেজি ৭৭.০৯ টাকা থেকে বেড়ে ৮৩.০৯ টাকা হয়েছে। বেড়েছে মোটে ৭.৮ শতাংশ।

আইজিএল জানিয়েছে, হরমুজ প্রণালীর মাধ্যমে এলএনজি কার্গো যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রেই পড়তে হচ্ছে বাধার মুখে। যার ফলে আন্তর্জাতিক এলএনজি-এর দাম বেড়েছে। পাশাপাশি শীতের মরসুমের আগে ইউরোপে প্রাকৃতিক গ্যাস মজুত করার চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেটাও দাম বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

অটো ভাড়া বাড়বে? 
মাথায় রাখতে হবে, সিএনজি সাধারণত অটোতে ব্যবহার হয়। এছাড়া একাধিক গাড়িতেও এই গ্যাস ব্যবহার হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেরই আশঙ্কা, এই দাম বৃদ্ধির ফলে অটো এবং ক্যাব ভাড়া বাড়তে পারে দিল্লিতে। আর দিল্লির পর ধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যে পড়তে পারে আঁচ। সেক্ষেত্রে বাংলাও কতদিন সুরক্ষিত থাকে, সেটাই এখন দেখার। 

 

Read more!
Advertisement
Advertisement