
Delhi high alert, terror Threat Delhi: পঁচিশে বৈশাখের মনোরম সকালের রেশ কাটতে না কাটতেই দিল্লিতে উড়ে এল জঙ্গি হামলার অশনি সঙ্কেত। গোয়েন্দা সূত্রে খবর, রাজধানীতে বড়সড় আত্মঘাতী হামলা (Suicide Attack) চালানোর ছক কষছে জঙ্গিরা। এই চাঞ্চল্যকর ইনপুট মেলার পরই দিল্লির নিরাপত্তা কার্যত দুর্ভেদ্য করে তোলা হয়েছে। বিশেষ করে দীনদয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সশস্ত্র বাহিনী।
টার্গেটে কেন্দ্রীয় দিল্লি
গোয়েন্দা রিপোর্টে জানানো হয়েছে, কেন্দ্রীয় দিল্লির ভিড়ভাট্টা এলাকা এবং ভিভিআইপি জোন জঙ্গিদের প্রাথমিক লক্ষ্য হতে পারে। শুধু আত্মঘাতী হানা নয়, বিস্ফোরক বোঝাই গাড়ি (IED) বা আচমকা গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে নাশকতাবাদীদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজপথ থেকে শুরু করে অলিগলি— সর্বত্র তল্লাশি অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ এবং কুইক রেসপন্স টিমকে (QRT) চব্বিশ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি অবস্থা সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে দমকল বাহিনীকেও।
ভাট্টি মডিউলের পর্দাফাঁস
সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল সেল পাকিস্তানের আইএসআই (ISI) মদতপুষ্ট শাহজাদ ভাট্টি মডিউলের হদিশ পেয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, দিল্লির একটি বিখ্যাত মন্দির এবং বেশ কিছু ভিভিআইপি এলাকা ইতিমধ্যেই রেইকি করেছে জঙ্গিরা। এমনকি সেখানকার ভিডিও সীমান্ত পারের হ্যান্ডলারদের কাছে পাঠানো হয়েছে। নিরাপত্তা আধিকারিকদের আশঙ্কা, রাজপথে মোতায়েন থাকা জওয়ানদের ওপরেও হামলা হতে পারে।
নিরাপত্তার চাদরে দিল্লি
শহরের প্রতিটি জেলায় বাড়ানো হয়েছে নজরদারি। বাজার, বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনের মতো জনবহুল এলাকায় চলছে র্যান্ডম চেকিং। সন্দেহভাজন ব্যক্তি বা লাওয়ারিশ বস্তু দেখলেই খবর দিতে বলা হয়েছে সাধারণ মানুষকে। প্রতিটি থানার পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে টহল দিচ্ছেন। দিল্লির আকাশেও কড়া নজরদারি চালানো হচ্ছে। সূত্র মারফত খবর, পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চপদস্থ পুলিশ কর্তারা দফায় দফায় বৈঠকে বসছেন। রাজধানীজুড়ে এখন শুধুই বারুদের গন্ধ আর উৎকণ্ঠা।