
চলতি বছরের এপ্রিল মাসে বিল সীমানা পুনর্নির্ধারণ এনেছিল সরকার। তবে সেটি পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারেনি। ফলে সংসদের দুই কক্ষেই বিলটি পাশ করানো সম্ভব হয়নি। এবার কয়েকটি পরিবর্তন করে সেই বিলই ফের সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। এই বিলের মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে আসনসংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবারের বিলের খসড়ায় কী কী রয়েছে? ২৭ নভেম্বর সন্ধ্যায় প্রকাশ্যে আসে সেই খসড়া। আগের বিল নিয়ে যে আশঙ্কাগুলি ছিল, সরকার কি এবার সেগুলির সমাধান করেছে? চলুন জেনে নেওয়া যাক।
আগের বিল নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সবচেয়ে বড় আশঙ্কা ছিল, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে সংসদে তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব কমে যাবে। অন্যদিকে উত্তর ভারতের যে রাজ্যগুলিতে জনসংখ্যা দ্রুত বেড়েছে, তারা তুলনায় বেশি আসন পাবে। ফলে সংসদে কমে যাবে দক্ষিণের রাজ্যগুলির প্রভাব। এবারের খসড়ায় সেই উদ্বেগের কথা মাথায় রেখে বেশ কয়েকটি পরিবর্তন করেছে সরকার। একে একে দেখে নেওয়া যাক।
লোকসভায় সর্বাধিক ৮৫০ সাংসদ
এবারের বিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হল, লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বাধিক ৮৫০ করা। বর্তমানে লোকসভায় ৫৪৩ জন নির্বাচিত সাংসদ রয়েছেন। মনোনীত সদস্য-সহ মোট আসনসংখ্যা ৫৪৫। নতুন প্রস্তাব কার্যকর হলে লোকসভার আসনসংখ্যা সর্বাধিক ৮৫০ হতে পারে। এর মধ্যে ৮১৫টি রাজ্যগুলি থেকে এবং বাকি ১৫টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির।
রাজ্যে ৫০ শতাংশ আসনবৃদ্ধি
বিলের খসড়া অনুযায়ী, প্রতিটি রাজ্যে লোকসভার আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হবে। সহজ ভাষায়, কোনও রাজ্যে বর্তমানে ২০টি আসন থাকলে নতুন ব্যবস্থায় আরও ১০টি আসন বাড়বে। ফলে ওই রাজ্যের লোকসভা আসনসংখ্যা হবে ৩০।
রাজ্যগুলির আসনের অনুপাত বদল নয়
দক্ষিণের রাজ্যগুলির প্রধান দাবি ছিল, লোকসভায় বিভিন্ন রাজ্যের আসনের আনুপাতিক প্রতিনিধিত্ব যেন অপরিবর্তিত থাকে। এবারের খসড়ায় সেই বিষয়টিই নিশ্চিত করা হয়েছে। উদাহরণ দিয়ে বোঝা যাক। বর্তমানে লোকসভার মোট আসনের ১৪.৭৩ শতাংশ উত্তরপ্রদেশের। ডিলিমিটেশনের পরেও লোকসভায় উত্তরপ্রদেশের আসনের অনুপাত একই থাকবে। মহারাষ্ট্রে বর্তমানে ৪৮টি আসন। যা লোকসভার মোট আসনের ৮.৮৪ শতাংশ। নতুন ব্যবস্থাতেও এই অনুপাত অপরিবর্তিত থাকবে।
এই আনুপাতিক বণ্টনের ভিত্তি তৈরি হয়েছিল ১৯৭১ সালের জনগণনার উপর। সেই সময় থেকেই বিভিন্ন রাজ্যের মধ্যে লোকসভায় আসন বণ্টনের যে অনুপাত নির্ধারিত হয়েছিল, তা এখনও রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২৫ বছর মানে ২০৫১ সাল পর্যন্ত এই অনুপাত অপরিবর্তিত রাখা হবে।
ফলে তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলির লোকসভায় আসনের শতকরা হার কমবে না। তবে আসনসংখ্যা বাড়বে। প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ করে বাড়ানো হলেও রাজ্যগুলির মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্বের ভারসাম্য থাকবে।
জনগণনার ভিত্তি
আগের বিলের ক্ষেত্রে নতুন জনগণনার তথ্যের ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণের কথা বলা হয়েছিল। কিন্তু এবারের খসড়ায় সরকার স্পষ্ট করেছে, সাম্প্রতিক জনগণনার তথ্যের ভিত্তিতেই ডিলিমিটেশন করা হবে। অনেকেই ধরে নিচ্ছেন, এটা ২০১১ সালের ভিত্তিতেই হবে।
বিধানসভাতেও আসনসংখ্যা বৃদ্ধি
শুধু লোকসভা নয়, রাজ্য বিধানসভাগুলিতেও আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। অর্থাৎ কোনও রাজ্যের বিধানসভায় বর্তমানে যত জন বিধায়ক রয়েছেন, নতুন ব্যবস্থায় সেই সংখ্যা বেড়ে দেড় গুণ হতে পারে।
মহিলা সংরক্ষণ
নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা আগেই ঘোষণা করেছে সরকার। সংসদে বিলও পাশ হয়েছে। তবে মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়টি ডিলিমিটেশন বিল পাশের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এই বিলে দুটো বিষয় প্রণিধানযোগ্য। প্রথমত, মহিলা সংরক্ষণ অনির্দিষ্টকালের জন্য নয়। প্রাথমিক ভাবে ১৫ বছরের জন্য লোকসভা ও বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। পরে আইন করে এই মেয়াদ বাড়ানো যেতে পারে। দ্বিতীয়ত, সংরক্ষিত আসনের ক্ষেত্রে রোটেশন বা পর্যায়ক্রমে আসন বদলের ব্যবস্থা থাকবে। অর্থাৎ কোনও একটি আসন চিরকাল মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে না। পরবর্তী নির্বাচনে সেই আসনের বদলে অন্য কোনও আসন সংরক্ষিত করা যেতে পারে।
বাংলায় কত আসন
পশ্চিমবঙ্গে এখন লোকসভার আসন ৪২টি। আর বিধানসভায় ২৯৪টি আসন রয়েছে। ৫০ শতাংশ বৃদ্ধি ধরলে লোকসভায় আসন বেড়ে হতে পারে ৬৩। আর বিধানসভা ৪৪১টি আসন হতে পারে। এটা সম্ভাব্য। এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
নতুন ডিলিমিটেশন কমিশন গঠন
বিলটি সংসদে পাশ হলে নতুন করে একটি ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে। লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে কোন আসন মহিলাদের বা অন্য কোনও শ্রেণির জন্য সংরক্ষিত হবে, তা নির্ধারণের দায়িত্ব থাকবে এই কমিশনের উপর।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মূল্য অপরিবর্তিত
এই বিলের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়কদের ভোটের মূল্য। বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যেক সাংসদ ও বিধায়কের ভোটের নির্দিষ্ট মূল্য রয়েছে। নতুন প্রস্তাবে সেই ব্যবস্থায় কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বর্তমান মূল্যই বজায় রাখার কথা বলা হয়েছে।
পাশ করাতে কতজন সাংসদের সমর্থন চাই?
এই বিল পাশ করাতে সরকারকে সংসদের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। লোকসভায় ওই দিন যত জন সাংসদ উপস্থিত থাকবেন, তাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশের সমর্থন দপকার। বিরোধী শিবির ভাঙিয়ে সরকার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার ব্যবস্থা করে ফেলেছে বলে বলে সূত্রের খবর।