Advertisement

Delimitation Bill এর আগে লোকসভায় আসন বদল, কংগ্রেসের থেকে আলাদা DMK, পাশে সুপ্রিয়া সুলে

লোকসভায় সাংসদদের বসার ব্যবস্থা বদলে দেওয়া হয়েছে। এবার থেকে ডিএমকে সাংসদেরা কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্য শরিক দলের সাংসদদের থেকে আলাদা বসবেন। গত মে মাসে লোকসভার স্পিকারকে চিঠি লিখে আলাদা আসনের ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি।

লোকসভায় বসার জায়গা বদল।লোকসভায় বসার জায়গা বদল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 10:43 PM IST
  • লোকসভায় বদলে গেল সাংসদদের বসার আসন।
  • কংগ্রেসের থেকে আলাদা বসবেন ডিএমকে সাংসদরা।
  • বদল সুপ্রিয়া সুলের আসনও।

ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ বিল নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটে ভাঙন। এর মধ্যেই সংসদের বিশেষ অধিবেশনের আগে লোকসভায় সাংসদদের বসার আসন বিন্যাসে পরিবর্তন করা হল। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডিএমকে সাংসদদের আসন বদল নিয়ে। এবার থেকে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্য শরিক দলের সাংসদদের সঙ্গে আর বসবেন না ডিএমকে সাংসদরা। আসন বিন্যাসে এই পরিবর্তন করেছে লোকসভা সচিবালয়। 

নতুন ব্যবস্থায় এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী) সাংসদ সুপ্রিয়া সুলে বসবেন ডিএমকে সাংসদ কানিমোঝি এবং দয়ানিধি মারানের পাশে। অন্যদিকে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠী) সাংসদ অরবিন্দ সাওয়ান্তের আসনও বদল করা হয়েছে। আগে ৪৩৩ নম্বর আসনে বসতেন। এবার তাঁকে ৫০০ নম্বর আসন দেওয়া হয়েছে। ডিএমকে সাংসদদের জন্য আলাদা আসনের দাবি অবশ্য বেশ কিছু দিন ধরেই উঠছিল। 

স্পিকারকে চিঠি কানিমোঝির

চলতি বছরের মে মাসে দলের সাংসদ কানিমোঝি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন। সেখানে ডিএমকে সাংসদদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন। ওই চিঠিতে কানিমোঝি ব্যাখ্যা করেছিলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে ডিএমকে সাংসদদের একসঙ্গে বসা আর ঠিক হবে না। কারণ তামিলনাড়ুতে ডিএমকে এবং কংগ্রেসের জোট ভেঙে গিয়েছে। তাই সংসদে দুই দলের সাংসদদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা উচিত।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর ডিএমকের থেকে দূরত্ব বাড়িয়েছিল কংগ্রেস। অভিনেতা বিজয়ের দল টিভিকে-কে সমর্থনের সিদ্ধান্ত নেয় রাহুল গান্ধীর দল। তারপর থেকেই দুই দলের সম্পর্কের অবনতি। এই রাজনৈতিক সমীকরণ বদলের পরেই লোকসভাতেও আলাদা আসনের দাবি জানিয়েছিল ডিএমকে।

শাহের দরবারে ডিএমকে প্রতিনিধি দল

শনিবার ডিলিমিটেশন বিল নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যায় ডিএমকে সাংসদদের একটি প্রতিনিধি দল। দিল্লিতে তাঁদের মধ্যে বৈঠক হয়। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি। দলে ছিলেন এ রাজা, দয়ানিধি মারান এবং টিআর বালুও। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ডিলিমিটেশন বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন কানিমোঝি। তিনি বলেন,'ডিএমকে নিজেদের অবস্থান বদলায়নি। বরাবরই নিরপেক্ষ সীমানা পুনর্নির্ধারণের দাবি জানিয়ে এসেছে। ডিলিমিটেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার পক্ষে নয় তারা। বরং এই প্রক্রিয়ায় তামিলনাড়ু যেন কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়'। কানিমোঝি আরও জানান, ডিলিমিটেশন নিয়ে চেন্নাইয়ে দলের নেতা বৈঠক করেছিলেন। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল, লোকসভায় তামিলনাড়ুর আসনসংখ্যা কমানো চলবে না। আগের সীমানা পুনর্নির্ধারণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কংগ্রেস সরকারের আমলে তামিলনাড়ুর লোকসভা আসনসংখ্যা ৪১ থেকে কমে ৩৯ হয়েছিল। ডিএমকে চায় না, রাজ্যকে আবার এমন ক্ষতির মুখে পড়তে হোক।

Advertisement

বদলেছে সুপ্রিয়া সুলের আসনও

এবার আসা যাক এনসিপি প্রসঙ্গে। ২৭ নভেম্বর শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর দলের নেতা জিতেন্দ্র আওহাড় জানান, দল ডিলিমিটেশন বিলকে সমর্থন করবে। তাঁর দাবি, শরদ পাওয়ার মনে করেন, সীমানা পুনর্নির্ধারণ সাংবিধানিক প্রক্রিয়া। আজ হোক বা কাল, এই প্রক্রিয়া কার্যকর করতেই হবে। তবে সব রাজ্যের লোকসভা আসন সমান অনুপাতে বাড়ানোর শর্তেই এই সমর্থন জানাচ্ছেন তাঁরা।

এদিকে, আসন বিন্যাসে এই পরিবর্তন শুধু ডিএমকে-র মধ্যেই সীমাবদ্ধ নেই। সমাজবাদী পার্টি, এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী), শিবসেনা (ইউবিটি) এবং কংগ্রেসের কয়েক জন সাংসদের আসনেও রদবদল করা হয়েছে। সুপ্রিয়া সুলে এবার কানিমোঝি এবং দয়ানিধি মারানের পাশে বসবেন। অন্যদিকে অরবিন্দ সাওয়ান্তকেও নতুন আসন দেওয়া হয়েছে। বলে রাখি, লোকসভায় সাংসদদের আসন বরাদ্দ করার দায়িত্ব স্পিকারের। রাজনৈতিক দলগুলির মধ্যে জোট বা সম্পর্কের সমীকরণ বদলালে বসার ব্যবস্থাতেও পরিবর্তন করা যেতে পারে।

কংগ্রেসের দাবি

কংগ্রেসের বক্তব্য, লোকসভার বর্তমান ৫৪৩টি আসনই রাখতে হবে। ওই আসনগুলির মধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হোক। ডিলিমিটেশনের নামে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা এমনভাবে বদল করা হতে পারে, যাতে রাজনৈতিকভাবে কোনও বিশেষ দল সুবিধা পেতে পারে বলে আশঙ্কা রাহুল গান্ধীর দলের।

ইন্ডিয়া জোটে কি ভাঙন?

৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে। এই অধিবেশনেই ডিলিমিটেশন সংক্রান্ত নতুন বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সরকারকে সংসদের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। তার আগে লোকসভায় আসন বিন্যাসের এই পরিবর্তন শুধু সাংসদদের বসার জায়গা বদলের বিষয় নয়। এর পিছনে রাজনৈতিক সম্পর্কের পরিবর্তনের ছবিও স্পষ্ট। তবে ডিএমকে সাংসদদের জন্য আলাদা আসনের ব্যবস্থা হওয়ার অর্থ এই নয় যে তারা আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোট ছেড়ে দিয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement