Advertisement

উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে বিধ্বংসী ধস, আটকে একাধিক শ্রমিক; উদ্ধার ১০

ধামি জানিয়েছেন, তিনি নিজে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। উদ্ধারকাজের বিষয়ে তিনি নিয়মিত ভাবে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁদের কাছ থেকে পরিস্থিতির আপডেট নিচ্ছেন।

Credits: Kamal Nayan SilodiCredits: Kamal Nayan Silodi
Aajtak Bangla
  • দেরাদুন ,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 8:43 PM IST
  • প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় টানেলের ভিতরে প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক ছিলেন
  • তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে ইতিমধ্যেই নিরাপদে টানেলের বাইরে বের করে আনা হয়েছে

উত্তরাখণ্ডের চামোলি জেলায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নির্মীয়মাণ টানেলে ধস। তার জেরে ভিতরে আটকে পড়েছেন একাধিক শ্রমিক। প্রশাসনিক সূত্রে খবর, ধসের জেরে ভিতরে ধ্বংসাবশেষ পড়ে থাকায় উদ্ধার কার্যে প্রভাব পড়েছে। তবে শ্রমিকদের উদ্ধার অভিযান শুরু হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় টানেলের ভিতরে প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে ইতিমধ্যেই নিরাপদে টানেলের বাইরে বের করে আনা হয়েছে। তবে আরও কতজন শ্রমিক এখনও ভিতরে আটকে রয়েছেন, সেই সংখ্যা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার পরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। টানেলের ভিতরে ঢুকে পড়া ধ্বংসাবশেষ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে। একইসঙ্গে টানেলের ভিতরে জমা জলও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। 

ঘটনার খবর পাওয়ার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্বেগ প্রকাশ করেন এবং উদ্ধার অভিযান যুদ্ধকালীন তৎপরতায় চালানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সমস্ত দফতরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ধামি জানিয়েছেন, তিনি নিজে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। উদ্ধারকাজের বিষয়ে তিনি নিয়মিত ভাবে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁদের কাছ থেকে পরিস্থিতির আপডেট নিচ্ছেন।

মুখ্যমন্ত্রী বলেন, টানেলের ভিতরে আটকে থাকা প্রত্যেক ব্যক্তিকে নিরাপদে বের করে আনাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উদ্ধার অভিযানে প্রয়োজনীয় সমস্ত সম্পদ মোতায়েন করা হয়েছে। তিনি আরও নির্দেশ দিয়েছেন, উদ্ধারকাজে কোনও ধরনের বিলম্ব বা গাফিলতি যেন না হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের সমস্ত রকম প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত টানেলের ভিতরে উদ্ধারকাজ অব্যাহত ছিল। জরুরি পরিষেবার দলগুলি ধ্বংসাবশেষ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement