Advertisement

Diamond Hunt India: পান্নার নদীতে হিরের টুকরো, বৃষ্টি নামতেই হামলে পড়ল শয়ে শয়ে লোক

পান্না জেলার রুঞ্জ নদীতে পাওয়া যাচ্ছে হিরের টুকরো। খবর পেয়েই বহু জেলা থেকে শয়ে শয়ে মানুষ নিজেদের ভাগ্য পরীক্ষা করতে হাজির হয় পান্না জেলায়। তারপরেই সতর্ক হয় প্রশাসন।

পান্নার নদীতে ভেসে আসছে হিরের টুকরোপান্নার নদীতে ভেসে আসছে হিরের টুকরো
Aajtak Bangla
  • ভোপাল,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 2:43 PM IST
  • নদীর জলে ভেসে আসছে হিরের টুকরো।
  • সেই হিরে খুঁজতে নদীর পাড়ে জমা হল আশেপাশে কয়েকটা জেলার মানুষ।
  • কোনও আফ্রিকা বা 'চাঁদের পাহাড়' এর গল্প না। বরং এই কাণ্ড ঘটেছে ভারতেই।

নদীর জলে ভেসে আসছে হিরের টুকরো। আর সেই হিরে খুঁজতে নদীর পাড়ে জমা হল আশেপাশে কয়েকটা জেলার মানুষ। সবারই আশা একটু যদি ভাগ্য ফেরে। সদূর কোনও আফ্রিকা বা 'চাঁদের পাহাড়' এর গল্প না। বরং এই কাণ্ড ঘটেছে ভারতেই। আর এ কোনও নতুন ঘটনা নয়। প্রায় ফি বছরই বর্ষার পর এমন হিরের সন্ধান চলে মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে।

স্থানীয় সূত্রে খবর পান্নায় বর্ষা নামলেই রুঞ্জ নদীর তীরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। যত দিন যায়, তত দূর থেকেও লোক আসতে থাকেন। তাঁদের সবার হাতে বালি চালার সরঞ্জাম আর চোখ থাকে বালি, নদীর কাদার দিকে। জানা গিয়েছে দূর দূরান্ত থেকে আসা লোকেরা হিরের সন্ধানে এসে রীতিমতো তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেন। পান্নার বিশ্রামগঞ্জ রেঞ্জে এ হল প্রতি বছরের বর্ষার চিত্র। নদীর জলে ভেসে আসে হিরের কুচি। আর তা খুঁজতেই শুরু হয় হুড়োহুড়ি। 

হিরে খোঁজা নিয়ে উদ্বেগ

স্থানীয় বন দফতর সূত্রে দাবি, সম্প্রতি নদীর তীরে হিরে খুঁজতে চলে এসেছে ছাতারপুর, পান্না, টিকামগড় ও দামোহ সহ আশেপাশের এলাকাগুলোও। এমনকি উত্তরপ্রদেশের বান্দা থেকেও লোকজন হিরের খোঁজ করতে চলে আসে। ভিড় বাড়তে থাকায় কেউ কেউ নদীর তীরে অস্থায়ী তাঁবুও খাটিয়ে নেয়। অর্থাৎ রীতিমতো একটি আস্তানা বানিয়ে ভাগ্য অন্বেষণ। 

পান্নার বাসিন্দা শ্যাম বাঈ জানান, "আমি বহু বছর ধরে এখানে হিরে খুঁজতে আসি। ছোট ছোট হিরে পাই। কিন্তু বড় হিরের টুকরো পাইনি। ছোট হিরেতে তেমন লাভ হয় না।"

হিরা সন্ধানীদের নিয়ে সতর্ক প্রশাসন

রুঞ্জ নদীর আশেপাশে মানুষের ব্যাপক ভিড়ের খবর পেয়ে তৎক্ষণাৎ বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে আসে। ফরেস্ট ডিপার্টমেন্টের দাবি, পুরো এলাকা আদতে বনভূমি। এছাড়াও, বন্যপ্রাণীর পাশাপাশি বিষাক্ত প্রাণীরও বিপদও সেখানে রয়েছে। তাই হিরে সন্ধানী মানুষদের বুঝিয়ে ফেরত পাঠায় বন দফতর। অবৈধ কার্যকলাপ রোধ করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement