Advertisement

কেরলমে ED-র গাড়িতে ব্যাপক হামলা, বিজয়নের বাড়ি তল্লাশিতে গিয়েছিলেন আধিকারিকরা

কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে ধুন্ধমার। বিজয়ন এবং তাঁর মেয়ের বিরুদ্ধে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড সংক্রান্ত এক দুর্নীতির অভিযোগ রয়েছে।

ইডির গাড়িতে হামলা ইডির গাড়িতে হামলা
Aajtak Bangla
  • তিরুবনন্তপুরম,
  • 27 May 2026,
  • अपडेटेड 4:00 PM IST
  • কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে ধুন্ধমার
  • বিজয়ন এবং তাঁর মেয়ের বিরুদ্ধে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড সংক্রান্ত এক দুর্নীতির অভিযোগ রয়েছে

কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে ধুন্ধমার। বিজয়ন এবং তাঁর মেয়ের বিরুদ্ধে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড সংক্রান্ত এক দুর্নীতির অভিযোগ রয়েছে। ‘পে-অফ’ নামে ওই মামলায় বিজয়নের বাড়িতে তল্লাশির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে CPI(M) কর্মী-সমর্থকেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। এরই মাঝে তিরুবনন্তপুরমে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে ফেরার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে।

অভিযোগ, CPI(M) কর্মীরা ED আধিকারিকদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। কাচ ভেভে দেন। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে স্লোগানও তোলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হয়। আক্রান্ত গাড়িটিতে মহিলা আধিকারিকরাও ছিলেন। 

কেরলের মোট ১০ জায়গায় ED তল্লাশি চালায়। এর মধ্যে ছিল তিরুবনন্তপুরমে বিজয়নের বর্তমান বাসভবন, কন্নুরে তাঁর পৈতৃক বাড়ি এবং কোঝিকোড়ে তাঁর জামাই তথা প্রাক্তন মন্ত্রী মহম্মদ রিয়াজের বাড়ি।

সকাল থেকেই তল্লাশি শুরু হওয়ার পর বিজয়ন এবং তাঁর পরিবারের সদস্যরা বাড়ির ভিতরেই ছিলেন। বাইরে জড়ো হন শতাধিক CPI(M) সমর্থক। তাঁরা কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভ চলাকালীন কিছু প্রতিবাদকারী নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে প্লাস্টিকের বোতল, হেলমেট এবং পাথর ছোড়েন বলেও অভিযোগ। পরে CPI(M)-এর শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং কর্মীদের হিংসাত্মক বিক্ষোভ থেকে সরে আসতে বলেন।

কী এই CMRL পে-অফ মামলা?

এই মামলার সূত্রপাত কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (CMRL)-এর বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে সংস্থাটি বিজয়নের মেয়ে টি ভিনার মালিকানাধীন Exalogic Solutions-কে ১.৭২ কোটি টাকা দেয়, যদিও বিনিময়ে কোনও পরিষেবা দেওয়া হয়নি।

এই ঘটনায় ED তদন্ত শুরু করে। সম্প্রতি কেরল হাইকোর্টে CMRL মামলাটি খারিজের আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেয়। তার পরদিনই এই তল্লাশি অভিযান চালানো হয়।

Advertisement

CPI(M)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি অভিযোগ করেন, এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনতার সামনে CPI(M) প্রমাণ করবে যে, এই অভিযান রাজনৈতিক প্রতিহিংসা থেকেই চালানো হচ্ছে।

অন্যদিকে, বিজয়ন আগেই তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর দাবি, তাঁকে এবং তাঁর পরিবারকে বদনাম করতেই এই অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে কেরল বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোটের কাছে ক্ষমতা হারিয়েছে CPI(M)। এরপর থেকেই বিজয়ন বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলাচ্ছেন।

Read more!
Advertisement
Advertisement