
পৃথিবী শুধু উষ্ণ হয়ে উঠছে না, বদলে যাচ্ছে সামগ্রিক চরিত্রও। কোথাও তাপপ্রবাহে নাজেহাল মানুষ, কোথাও আচমকা বন্যা। আবার কোথাও হিমবাহ গলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আস্ত গ্রাম। তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন কপ-৩১। সেই সম্মেলন চলাকালীনই নতুন রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, গত ১২ বছর ছিল পৃথিবীর উষ্ণতম বছরগুলির মধ্যে অন্যতম। ২০২৩ থেকে ২০২৬, এই ৪ বছর উষ্ণতার নিরিখে তালিকার শীর্ষে রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সহজ ভাষায়, আগের তুলনায় অনেক বেশি গরম সহ্য করতে হচ্ছে। আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
রিপোর্টে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে এল নিনো নিয়ে। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এই আবহাওয়াগত পরিস্থিতি সমুদ্রের সঞ্চিত তাপকে আরও দ্রুত বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। বিজ্ঞানীদের আশঙ্কা, ডিসেম্বরের মধ্যে এল নিনো অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। তার প্রভাব দেখা যেতে পারে ২০২৭ সাল পর্যন্ত। এর ফলে তাপপ্রবাহ, খরা, অসময়ে বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের প্রকোপ বাড়তে পারে। অনিয়মিত বর্ষা হলে কৃষিকাজ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা কৃষকদের কাছে নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। শহরে বিদ্যুতের চাহিদা বাড়বে, দেখা দিতে পারে জলকষ্ট। বাড়তে পারে নানা রোগের প্রকোপ। এল নিনো নিজে নতুন করে তাপ তৈরি করে না, তবে আগে থেকেই জমে থাকা উষ্ণতাকে কয়েক গুণ বেশি বিপজ্জনক করে তুলতে পারে।
উষ্ণ সমুদ্র, গলছে হিমবাহ
পৃথিবীর অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশই শোষণ করে নেয় সমুদ্র। ফলে ক্রমশ উষ্ণ হয়ে উঠছে সমুদ্রের জল। ২০২৬ সাল টানা দশম বছর হতে চলেছে, যখন সমুদ্রের তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে। উষ্ণ সমুদ্রের কারণে ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয় সামুদ্রিক প্রাণীজগৎ। মারা যায় মাছ। গলে যাচ্ছে সামুদ্রিক বরফও। ২০২৬ সালে বিশ্বজুড়ে সমুদ্রের জলস্তর নতুন উচ্চতায় পৌঁছেছে। হিমবাহের পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। ২০২৫ সালে বিশ্বের হিমবাহগুলি ৪০০ বিলিয়ন টনেরও বেশি বরফ হারিয়েছে। এই পরিমাণ বরফ দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচটি অলিম্পিক মাপের সুইমিং পুল ভরানো সম্ভব। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের কাছে এই পরিস্থিতি বিপদের। কারণ হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদগুলির জল উপচে বা বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা হতে পারে।
ভারত-সহ বিশ্বে ভয়াবহ গরম
WMO-র রিপোর্টে রয়েছে ভারতের কথাও। ২০২৬ সালের এপ্রিল মাসে তীব্র গরমের প্রভাবে দেশে প্রায় ১৪ কোটি ৬৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষক, রিকশাচালক এবং গরিবরা সবচেয়ে বেশি সমস্যায়। নেপালে অগাস্টের শেষ দিকে হিমবাহ ও পাহাড়ের পাথর ধসে সৃষ্ট বন্যায় ১,৩০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০১৪ সাল থেকে ক্রমাগত কমছে জলের ভান্ডারও। অর্থাৎ শুধু তাপমাত্রা বৃদ্ধি নয়, পানীয় জল এবং কৃষিকাজও বড়সড় বিপদের মুখে। এল নিনোর প্রভাবে খরা ও বন্যা, দুইয়ের প্রকোপ বাড়তে পারে। বৃষ্টির উপর নির্ভরশীল কৃষকদের কাছে যা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ফসল নষ্ট হলে খাদ্যশস্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা।
অতিরিক্ত গরমে ভুক্তভোগী গরিবরা
অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের ঘটনা বাড়তে পারে। দাবানলের ধোঁয়া থেকে শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা। পাশাপাশি অপুষ্টি, ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো রোগও ছড়াতে পারে। সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন গরিবরা। কারণ তাঁদের বাড়িতে এসি নেই।
আশার আলো
এত উদ্বেগের খবরের মধ্যেও রয়েছে আশার আলো। প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করেছে এমন দেশের সংখ্যা ২০১৫ সালে ছিল ৫৬। ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ১৩৬। এর ফলে বন্যা, ঝড় বা তাপপ্রবাহের আগে মানুষকে সতর্ক করা সম্ভব হচ্ছে। বাঁচতে বহু প্রাণ। তবে শুধু আগাম সতর্কবার্তা দিলেই চলবে না। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে, বাড়াতে হবে পরিচ্ছন্ন শক্তির ব্যবহার। পাশাপাশি আরও বেশি করে গাছ লাগানো জরুরি। WMO-র রিপোর্টের বার্তা স্পষ্ট, পৃথিবী বার বার সতর্ক করছে, কিন্তু সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। প্রকৃতি কারও জন্য অপেক্ষা করবে না। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তবেই আগামী বছরগুলিতে প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা কিছুটা হলেও কমানো সম্ভব।
রাষ্ট্রসঙ্ঘের বার্তা
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের কথায়,'জলবায়ু সংকটের সবচেয়ে বড় বোঝা বইতে হচ্ছে সেই দেশগুলিকে, যারা এই সংকট তৈরিতে সবচেয়ে কম দায়ী। তাই ধনী দেশগুলিকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে হবে। প্রয়োজনীয় সাহায্য করতে হবে গরিব দেশগুলিকে'।