
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বড়সড় আশ্বাস দিল নির্বাচন কমিশন। পুরনো ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা কোনও আইনি পদক্ষেপের ভয় ছাড়াই ফের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে একথা জানিয়েছে কমিশন। কমিশনের স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র পুরনো তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন খসড়া তালিকায় নাম না থাকার কারণে কারও বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে না।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিষয়ে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ভাষাতেও সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই আশ্বাসের ফলে ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে যাঁদের মধ্যে নতুন করে আবেদন করা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল, তাঁরা কিছুটা স্বস্তি পাবেন।
কেন তৈরি হয়েছিল আইনি পদক্ষেপের ভয়?
আসলে, পুরনো ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন খসড়া তালিকায় নাম না থাকায় অনেকের মধ্যেই নতুন করে আবেদন করা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তাঁদের আশঙ্কা ছিল, আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ফের ফর্ম ৬ পূরণ করে আবেদন করলে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় সেই আশঙ্কা দূর করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, শুধুমাত্র পুরনো ভোটার তালিকায় নাম থাকা এবং নতুন খসড়া তালিকায় নাম না থাকার কারণে কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম অন্য কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় থাকা চলবে না।
অনুপস্থিত, স্থানান্তরিত ও মৃত ভোটারদের নিয়েও পদক্ষেপ
এর আগে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছিল, ভোটার তালিকায় যাঁদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত অথবা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। কমিশন জানিয়েছে, শীর্ষ আদালতের এই পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঠিকানা জানাতে জমা দেওয়া যাবে এনিউমারেশন ফর্ম
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছে কমিশন। ভোটাররা তাঁদের বর্তমান ঠিকানা জানাতে সম্পূর্ণ পূরণ করা এনিউমারেশন ফর্ম জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক অর্থাৎ ERO, AERO অথবা বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে এই ফর্ম জমা দেওয়া যাবে।
কমিশনের বক্তব্য, এমন একটি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনও যোগ্য ভোটারই ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে একজন ভোটারের নাম যাতে একাধিক জায়গায় নথিভুক্ত না হয়, সেটিও নিশ্চিত করতে চায় কমিশন।
অর্থাৎ, একদিকে যোগ্য ভোটারদের তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ নিশ্চিত করা, অন্যদিকে ডুপ্লিকেট নামের সমস্যা আটকানো, এই দুই বিষয়েই জোর দিচ্ছে নির্বাচন কমিশন।