Advertisement

প্রধানমন্ত্রী মোদীকে 'সন্ত্রাসবাদী' বলার অভিযোগ, মল্লিকার্জুন খাড়গেকে শোকজ নির্বাচন কমিশন

BJP-র একাধিক শীর্ষ নেতা এই মন্তব্যকে 'অত্যন্ত আপত্তিকর' বলে দাবি করেন এবং অবিলম্বে খাড়গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। শুধু তামিলনাড়ুতেই নয়, এই ইস্যু দ্রুত জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

Mallikarjun Kharge,Narendra ModiMallikarjun Kharge,Narendra Modi
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 7:35 PM IST
  • কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের
  • প্রবীণ কংগ্রেস নেতাকে শোকজ করল কমিশন

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। প্রবীণ কংগ্রেস নেতাকে শোকজ করল কমিশন। খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী বলেছিলেন বলে অভিযোগ। তারই প্রেক্ষিতে শোকজ কমিশনের। 

ঘটনার সূত্রপাত তামিলনাড়ুতে কংগ্রেসের নির্বাচনী প্রচারের সময়। সেখানে এক সাংবাদিক বৈঠকে মল্লিকার্জুন খাড়গে AIADMK-কে আক্রমণ করতে গিয়ে প্রশ্ন তোলেন, কীভাবে ওই দল নরেন্দ্র মোদীর সঙ্গে জোট করতে পারে? তারপরই তাঁর বিরুদ্ধে মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলার অভিযোগ ওঠে। তাঁর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

BJP-র একাধিক শীর্ষ নেতা এই মন্তব্যকে 'অত্যন্ত আপত্তিকর' বলে দাবি করেন এবং অবিলম্বে খাড়গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। শুধু তামিলনাড়ুতেই নয়, এই ইস্যু দ্রুত জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাড়গেকে ব্যাখ্যা দিতে নোটিস পাঠানো হয়। নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের বক্তব্যে সংযম বজায় রাখা জরুরি-এই বার্তাও পরোক্ষে স্পষ্ট করে দেয় কমিশন।

তবে বিতর্ক বাড়তেই নিজের অবস্থান স্পষ্ট করেন মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। খাড়গে বলেন, তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি সন্ত্রাসবাদী বলেননি। বরং বোঝাতে চেয়েছিলেন, কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর অভিযোগ, আয়কর দফতর, ইডি-সহ বিভিন্ন সংস্থা শাসক দলের স্বার্থে কাজ করছে। সেজন্যই তিনি মোদীকে আক্রমণ করেছিলেন। 

এই ব্যাখ্যা সত্ত্বেও রাজনৈতিক বিতর্ক থামেনি। বিজেপি নেতৃত্বের দাবি, এমন মন্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, দেশের প্রধানমন্ত্রীর পদকেও অসম্মান করা। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নেহাতই রাজনৈতিক বক্তব্য। তবে বিজেপি তার অপব্যাখ্যা করছে। 

Read more!
Advertisement
Advertisement