
Mumbai Ahmedabad Bullet Train Project Delay: ভারতের স্বপ্নের প্রকল্প মুম্বই আমেদাবাদ বুলেট ট্রেন বা শিনকানসেন প্রজেক্টের কাজ দেরি হওয়ার পেছনে এবার সরাসরি নয়াদিল্লিকেই কাঠগড়ায় দাঁড় করালেন জাপানের প্রাক্তন মন্ত্রী হিদেকি মাকিহারা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি পোস্ট করে তিনি অভিযোগ করেন যে আন্তর্জাতিক বৈঠক এবং দ্বিপাক্ষিক আলোচনার সময় ভারতীয় আধিকারিকদের বেপরোয়া মনোভাব লক্ষ্য করা গিয়েছে।জাপানের প্রাক্তন বিচারমন্ত্রীর এই বিস্ফোরক দাবির পর ভারতের জাতীয় রাজনীতিতেও তুমুল শোরগোল পড়ে গিয়েছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে জাপানি মন্ত্রীর এই ব্যক্তিগত অভিযোগকে পুরোপুরি খণ্ডন করে একে তথ্যহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
জাপানি নেতার বিস্ফোরক অভিযোগ এবং ভারতীয় মন্ত্রীর ওপর ক্ষোভ
জাপানের একটি ব্যবসা সংক্রান্ত সংবাদপত্রে প্রকাশিত রেলওয়ে ইঞ্জিনিয়ার ইসাও সুজিমুরার একটি নিবন্ধের সূত্র ধরে হিদেকি মাকিহারা দাবি করেন যে তিনি নিজেও একসময় এই প্রকল্পের আলোচনার সাথে যুক্ত ছিলেন, তাঁর অভিযোগ অনুযায়ী ভারতীয় প্রতিনিধিরা আন্তর্জাতিক স্তরে করা কোনও প্রতিশ্রুতিই শেষ পর্যন্ত রক্ষা করেননি এবং বারবার নিজেদের অবস্থান বদল করেছেন, শুধু তাই নয় আলোচনার একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভারতীয় পক্ষ কেবল নিজেদের স্বার্থসিদ্ধির কথাই ভেবে গিয়েছে যার ফলে কোনও সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, এই প্রজেক্টের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্ব নিয়েও চরম ক্ষোভ উগরে দিয়ে মাকিহারা বলেন যে শীর্ষ স্তরের ব্যক্তি যদি এমন আচরণ করেন তবে কোনও ভালো চুক্তি হওয়া সম্ভব নয় এবং বুলেট ট্রেন প্রকল্প থমকে থাকার জন্য একশো শতাংশ দায়ী ভারতীয় পক্ষই।
মোদী সরকারকে আক্রমণ বিরোধীদের এবং বিদেশ মন্ত্রকের পাল্টা জবাব
জাপানের প্রাক্তন মন্ত্রীর এই সোশ্যাল মিডিয়া পোস্ট হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস দল, কংগ্রেসের মুখপাত্র পবন খেরা এক্স হ্যান্ডেলে এই খবর শেয়ার করে একে মোদী সরকারের ব্যর্থতা ও দেশের জন্য লজ্জাজনক বিষয় বলে কটাক্ষ করেছেন, বিরোধীদের দাবি যে ভারতের অন্যতম বড় একটি কৌশলগত ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পকে চূড়ান্ত অপদার্থতার সাথে পরিচালনা করা হয়েছে যার কারণে বছরের পর বছর কাজ আটকে রয়েছে, এমনকী চলতি মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভারত সফরের পরেও এই জট কাটেনি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগন্যালিং সিস্টেম থেকে জাপানকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বুলেট ট্রেন নিয়ে আসল তথ্য প্রকাশ করল ভারত সরকার
জাপানি নেতার এই সমস্ত অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন যে এই মন্তব্যটি সম্পূর্ণভাবে এক ভদ্রলোকের ব্যক্তিগত মতামত এবং এর সাথে বাস্তব তথ্যের কোনও মিল নেই, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে মুম্বই আমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং দুই দেশের মধ্যে আলোচনাও সঠিক পথেই রয়েছে, প্রজেক্টের অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে যে বুলেট ট্রেনের প্রথম দফার অপারেশন ২০২৭ সালের ১৫ আগস্ট থেকেই শুরু হয়ে যাবে, অন্যদিকে জাপান যে উন্নত ই১০ সিরিজের ট্রেন ভারতকে সরবরাহ করবে তা এখনও গবেষণার স্তরে থাকায় এবং ২০৩০ এর দশকের শুরুতে তা হাতে পাওয়ার কথা থাকায় প্রাথমিক পর্যায়ে ভারতীয় হাইস্পিড ট্রেন দিয়েই এই পরিষেবা শুরু করার বিষয়ে দুই দেশই একমত হয়েছে, ফলে কাজ আটকে থাকার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।