
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা সমগ্র বিশ্বের উপর খারাপ প্রভাব ফেলেছে। শুরু হয়েছে গ্যাস-এর সঙ্কট দিয়ে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি যুদ্ধ, আবহাওয়া এবং সার সরবরাহের সীমাবদ্ধতার মতো কারণ উল্লেখ করে আগামী মাসগুলোতে বড় খাদ্য সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর এই মন্তব্যের পর চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। এবার সেই আশঙ্কার কথা শোনা গেল দেশের অর্থমন্ত্রীর গলাতেও।
বিশ্ব খাদ্য সঙ্কটের হুমকির সম্মুখীন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বয়ং এই সতর্কবার্তা দিয়েছেন। মিউনিখে নেতাদের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি থেকে শুরু করে হরমুজ প্রণালীর বিশৃঙ্খলার কারণে বিশ্বের উপর সৃষ্ট প্রভাব পর্যন্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন। হরমুজ প্রণালীর কারণে সৃষ্ট বিশ্ব সঙ্কটের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত এটি মোকাবিলায় ক্রমাগত বড় পদক্ষেপ নিচ্ছে।
হরমুজ সঙ্কট নিয়ে অর্থষ্ট্রমন্ত্রী কী বললেন?
মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সতর্ক করেছেন, হরমুজ প্রণালী এবং বাব আল-মানদেবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বিঘ্ন ঘটলে তা গোটা বিশ্বে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। নির্মলা সীতারামন মালাক্কা প্রণালীর কথাও উল্লেখ করেন। অর্থমন্ত্রীর মতে, 'বর্তমানে মালাক্কা প্রণালীতে কোনও সমস্যা নেই, কিন্তু সেখানে যেকোনও ধরনের বিঘ্ন পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে।'
ভারত এই বড় পদক্ষেপগুলো নিয়েছে
নির্মলা সীতারামনের মতে, বিশ্বে আসন্ন খাদ্য সঙ্কটের মধ্যে, সার আমদানিকারক শিপিং লাইনগুলোকে ক্রমবর্ধমান বিমা প্রিমিয়াম পরিশোধে সহায়তা করার জন্য ভারত একটি শিপিং জরুরি ফান্ড গঠন করেছে। তিনি বলেন যে, উচ্চ মূল্য, সীমিত শিপিং প্রাপ্যতা এবং বিপুল বিমা প্রিমিয়াম সার আমদানিতে বাধা সৃষ্টি করছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় ভারত অভ্যন্তরীণভাবে ইউরিয়া ও ফসফেট উৎপাদন বাড়াচ্ছে। তবে, তিনি আরও বলেন যে, এতে সময় লাগবে।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি নিয়ে কী বললেন নির্মলা?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বলেছেন যে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনায় স্থিতাবস্থায় পৌঁছেছে এবং এই পর্যায়ে কোনও পক্ষের পক্ষেই এর চেয়ে বেশি কিছু দেওয়া বা নেওয়া খুব কঠিন হবে। সীতারামন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান আলোচনা থেকে পৃথক পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু করতে সম্মত হন। এরপর থেকে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। উভয় পক্ষের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।