Advertisement

Delhi North Block Fire: দিল্লিতে অমিত শাহের দফতরে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে নর্থ ব্লক

দিল্লির নর্থ ব্লকে আগুন। সেখানেই রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিস। রয়েছে অর্থ মন্ত্রকের দফতরও। কী ভাবে এই আগুন লাগল, তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে নর্থ ব্লক।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 1:09 PM IST
  • দিল্লিতে অমিত শাহের দফতরে আগুন
  • কালো ধোঁয়ায় ঢেকেছে নর্থ ব্লক
  • কীভাবে আগুন লাগল?

দিল্লির নর্থ ব্লকে অগ্নিকাণ্ড। সেখানেই রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর। এছাড়াও রয়েছে অর্থ মন্ত্রকের দফতর। ফলে আগুন বাড়তে থাকলে গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নর্থ ব্লক থেকে কালো ধোঁয়া বের হতেও দেখা যাচ্ছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও কী ভাবে এই আগুন লাগল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে খবর। 

জানা গিয়েছে, পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে খবর, নর্থ ব্লক বিল্ডিংয়ের ছাদে একটি সংস্কারের কাজ চলছিল। শ্রমিকরা সেখানে উপস্থিত ছিলেন। ছাদের পুরনো প্ল্যাস্টিক ওয়াটার ট্যাঙ্কে আচমকাই আগুন ধরে যায়। শ্রমিকরা নিজেরাই হাত লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন প্রথমে। এরপর খবর পেতেই সেখানে পৌঁছয় ৬টি দমকল ইঞ্জিন। বর্তমানে আগুন  নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

এই ঘটনায় কারও আহত হওয়ার কোনও খবর মেলেনি। যদিও নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। 

রাজ্যসভার সাংসদ মিলিন্দ দেওরা বলেন অগ্নিকাণ্ডের সময়ে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখতে পান। তিনি বলেন, 'সংসদে যাচ্ছিলাম, ঠিক তখনই নর্থ ব্লকের পিছন থেকে কালো ধোঁয়া দেখতে পেলাম। বুঝতে পারলাম সেখানে আগুন লেগে গিয়েছে। আশা করি ওখানে যাঁরা ছিলেন তাঁরা সকলেই নিরাপদ রয়েছেন এবং এমারজেন্সি সার্ভিস বিভাগ সঠিক ভাবে কাজ করছে।' 

 

Read more!
Advertisement
Advertisement