
গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর। তার আগে চুক্তি ঘিরে নানা প্রশ্ন। কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নতুন করে চুক্তি করার পরিবর্তে পুরনো চুক্তির মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ। কীভাবে এই চুক্তির সূত্রপাত? এর শর্তগুলিই বা কী? চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে দুই দেশের অবস্থানই বা কী? চলুন জেনে নেওয়া যাক।
১৯৫০-এর দশক থেকেই গঙ্গার জলবণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপড়েন। সেই সময় পশ্চিমবঙ্গের ফরাক্কায় একটি বাঁধ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। প্রস্তাবিত বাঁধটি ছিল বর্তমান ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। ১৯৬১ সালে শুরু হয় নির্মাণকাজ। ১৯৭৫ সালে কাজ শেষ হওয়ার পর ফরাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার জল হুগলি নদীতে প্রবাহিত হতে শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীতে জমে থাকা পলি সরিয়ে কলকাতা বন্দরের নাব্যতা ধরে রাখা। বড় জাহাজ চলাচলে যাতে সমস্যা না হয়।
একাধিক অন্তর্বর্তী চুক্তি
তবে বাঁধ নির্মাণের সময়ে জলবণ্টন নিয়ে বিতর্ক হয়েছিল। ১৯৭৬ সালে তা চরমে পৌঁছয়। তৎকালীন বাংলাদেশের আওয়ামী লীগ নেতা মওলানা ভাসানি ভারতের জলনীতি ও ফরাক্কা বাঁধের বিরোধিতা করে 'ফরাক্কা লং মার্চ'-এর নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ ছিল, ফরাক্কা বাঁধের কারণে পদ্মা নদীর জলপ্রবাহ কমে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে পদ্মা। পরবর্তী এক দশকে দুই দেশের মধ্যে ১৯৭৭, ১৯৮২ এবং ১৯৮৫ সালে একাধিক অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু কোনওটিই স্থায়ী সমাধান দিতে পারেনি।
১৯৯৬ সালে চুক্তি
অবশেষে ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে দুই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং শেখ হাসিনার নেতৃত্বে স্বাক্ষরিত হয় গঙ্গার জলবণ্টন চুক্তি। এই চুক্তির মাধ্যমে ৩০ বছরের জন্য জলবণ্টনের একটি কাঠামো তৈরি করা হয়। প্রতি বছর শুষ্ক মরসুম অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কীভাবে গঙ্গার জল দুই দেশের মধ্যে ভাগ করা হবে, তা নির্ধারণ করা হয়। পাশাপাশি চুক্তির বাস্তবায়ন ও জলপ্রবাহের উপর নজরদারির জন্য গঠন করা হয় যৌথ কমিটি।
গঙ্গার জলবণ্টন চুক্তির শর্ত কী?
১৯৯৬ সালের এই চুক্তিকে সে সময় ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে দাবি করা হয়েছিল। ১৯৪৯ থেকে ১৯৮৮ সালের মধ্যে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে প্রতি ১০ দিনের গড় জলপ্রবাহের হিসাব ধরে তিন স্তরের জলবণ্টন ব্যবস্থা চালু করা হয়।
জলপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে: দুই দেশ সমান পরিমাণ জল পাবে।
জলপ্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে হলে: বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক। বাকি জল পাবে ভারত।
জলপ্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে: ভারত পাবে ৪০ হাজার কিউসেক। অবশিষ্ট জল পাবে বাংলাদেশ।
তবে এই নিয়মের পাশাপাশি আরও একটি শর্ত রয়েছে। প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পর্যায়ক্রমিক ১০ দিনের পর্বে দুই দেশই ৩৫ হাজার কিউসেক করে জল পাবে। চুক্তিতে ন্যূনতম জলপ্রাপ্তির কোনও স্থায়ী নিশ্চয়তা না থাকলেও জরুরি পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কোনও ১০ দিনের পর্বে ফরাক্কায় জলপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নীচে নেমে গেলে দুই দেশের সরকার জরুরি ভিত্তিতে আলোচনায় বসবে। ন্যায্যতা, সমতা এবং কোনও পক্ষের ক্ষতি না করার নীতি মেনে জলবণ্টনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। জলবণ্টন নিয়ে কোনও বিরোধ তৈরি হলে তা মেটানোর প্রাথমিক দায়িত্ব যৌথ কমিটির। দুই দেশের সমান সংখ্যক প্রতিনিধিকে নিয়ে এই কমিটি গঠিত। সেখানে সমাধান না হলে বিষয়টি পাঠানো হবে জয়েন্ট রিভার্স কমিশনের কাছে।
১৯৭২ সালে ভারত ও বাংলাদেশ ৫৪টি অভিন্ন নদীর জলবণ্টন নিয়ে আলোচনা করার জন্য এই কমিশন গঠন করেছিল। বর্তমানে এই ৫৪টি নদীর মধ্যে একমাত্র গঙ্গার জলবণ্টন নিয়েই আনুষ্ঠানিক চুক্তি রয়েছে।
কোন কোন বিষয়ে মতবিরোধ?
বিগত কয়েক বছরে দুই দেশেই এই চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে বিরোধিতা হয়েছে। দুই দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার ভবিষ্যতের জলচাহিদা এবং জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া সংকটের বিষয়গুলি চুক্তিতে যথাযথ ভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ। যদিও ৩০ বছরের মেয়াদ শেষে দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি নবীকরণের ব্যবস্থা রয়েছে, তবু চুক্তির শর্তগুলি নতুন করে পর্যালোচনা করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে দুই পক্ষই। দুই দেশের মধ্যে মতবিরোধের অন্যতম বিষয় হল বাংলাদেশের ন্যূনতম জলপ্রাপ্তির নিশ্চয়তা ফেরানোর দাবি।
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সময়ে নিজেদের বাড়তি চাহিদা মেটাতে ভারত অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক জল চেয়েছিল। নতুন চুক্তির মেয়াদও তুলনামূলক কম। অর্থাৎ ১০ থেকে ১৫ বছর করার প্রস্তাব দেওয়া হতে পারে বলে খবর।
অন্যদিকে, পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, যৌথ নদী কমিশনের একটি বৈঠকে বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ৪০ হাজার কিউসেক জল পাওয়ার নিশ্চয়তা চেয়েছিল। পাশাপাশি চুক্তির মেয়াদ আরও দীর্ঘ করার এবং বন্যা সংক্রান্ত তথ্য আদানপ্রদানের ব্যবস্থা আরও উন্নত করার দাবিও জানানো হয়েছিল।
হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপড়েন
২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল জয় পাওয়ার পর একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, গঙ্গার জলবণ্টন চুক্তির নবীকরণ নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হতে চলেছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও উল্লেখযোগ্য অগ্রগতির খবর সামনে আসেনি। এর মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন অব্যাহত। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এ দেশে হাসিনা। এই টানাপড়েনের কারণেই তারেক রহমানের প্রস্তাবিত অগাস্টের ভারত সফর হয়নি বলে মনে করেন অনেকেই। প্রধানমন্ত্রী হওয়ার পর সেটিই হতে পারত তাঁর প্রথম সরকারি ভারত সফর।
সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত
২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি একতরফাভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই আবহে আগামী দিনে দুই দেশের মধ্যে জলবণ্টন চুক্তির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে স্বাভাবিকভাবে তৈরি হয়েছে কৌতূহল।