
দাদুর সম্পত্তিতে বাবার অংশের উপর জন্মগত অধিকার দাবি করতে পারে না নাতি। একটি গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ কোর্ট স্পষ্ট করেছে যে ১৯৫৬ সালের উত্তরাধিকার আইনের ৮ ধারা অনুযায়ী, দাদুর সম্পত্তি ভাগের পর বাবার অংশটি তাঁর ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। যেই কারণে বাবা জীবিত থাকাকালীন নাতির সেই সম্পত্তিতে অধিকার থাকে না।
বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং সুনিতা আগরওয়ালের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তামিলনাড়ুর জে. রাজেশ বনাম এম. কুমারান মামলায় এই রায় দেন। আদালত স্পষ্ট করে দিয়েছে, কোনও উইল না করে যদি পিতামহ মারা যান এবং তাঁর সম্পত্তি যদি প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হয়, তাহলে বাবার অংশটি যৌথ হিন্দু পরিবারের সম্পত্তি থাকে না। বাবা এই সম্পত্তির স্বাধীন মালিক হয়ে ওঠেন।
এর সহজ অর্থ হল, এই সম্পত্তি বাবা কাউকে বিক্রি করতে পারেন। এমনকী দান বা হস্তান্তর করতে পারেন। বাবা জীবিত থাকার সময় তাঁর সন্তান সেই সম্পত্তি বিক্রি বা সম্পত্তির অংশ দাবি করতে পারেন না।
হিন্দু উত্তরাধিকার আইনে কী বলা আছে?
১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ধারা ৮ অনুসারে, প্রথম শ্রেণীর উত্তরাধিকারীদের মধ্যে স্ত্রী, পুত্র এবং কন্যা রয়েছেন। যখন দাদু মারা যান এবং সম্পত্তি এই উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হয়, তখন পিতার অংশ তাঁর ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিবেচিত হয়। বাবা জীবিত থাকাকালীন, তাঁর পুত্র দাদুর সম্পত্তির সরাসরি উত্তরাধিকারী হিসাবে বিবেচিত হন না। তবে, যদি বাবা দাদুর আগে মারা যান, তাহলে নাতি তাঁর মৃত পিতার অংশের সরাসরি প্রথম শ্রেণির উত্তরাধিকারী হতে পারেন।
পুরো ব্যাপারটা কী?
চেন্নাইয়ের ১,৮১১ বর্গফুটের একটি জমি সংক্রান্ত মামলা ছিল এটি। জমিটি আবেদনকারী জে. রাজেশের দাদার মালিকানাধীন ছিল। ১৯৯৪ সালের একটি পারিবারিক বিভাজন চুক্তি অনুসারে, জমিটি রাজেশের বাবার কাছে হস্তান্তরিত হয়। পরবর্তীতে, ১৯৯৭ সালে তাঁর বাবা জমিটি বিক্রি করে দেন। সে সময় নাবালক রাজেশ তাঁর মায়ের মাধ্যমে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দাবি করা হয় যে সম্পত্তিটি পৈতৃক। জন্মসূত্রে তিনি এর অর্ধেক অংশের অধিকারী।
যদিও নিম্ন আপিল আদালত এবং মাদ্রাজ হাইকোর্ট রাজেশের দাবি প্রত্যাখ্যান করেছিল। এবার সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তগুলো বহাল রেখে তার আপিল খারিজ করে দেয়। আদালত এই মর্মে রায় দেয় যে, যেহেতু ১৯৫৬ সালে হিন্দু উত্তরাধিকার আইন বিধিবদ্ধ করা হয়েছিল, তাই পুরোনো ব্যক্তিগত আইনের অধীনে প্রদত্ত জন্মগত অধিকার এই ধরনের ক্ষেত্রে আর প্রযোজ্য নয়।