
Gyanesh Kumar Row: নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক তুঙ্গে। সৌজন্যে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদন। এমনই আবহে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক মারিয়ান আলেকজান্ডার বেবি। তিনি বলেন, এই লড়াই শুধুমাত্র INDIA ব্লকের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে একমত নয়, এমন সমস্ত দলকে একযোগ হতে হবে। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে বলে জানালেন তিনি।
এম এ বেবি বলেন, 'জ্ঞানেশ কুমার এই সমস্ত বেআইনি কাজ কার সমর্থনে করেছেন, সেই প্রশ্নের উত্তরও প্রয়োজন। যাঁরা তাঁকে সমর্থন করেছে, তাঁদেরও জবাব দিতে হবে।'
‘INDIA ব্লক প্লাস’ চায় বামেরা
CPI(M)-এর সাধারণ সম্পাদক বলেন, শুধু INDIA ব্লকের শরিক দলগুলিকে নিয়ে আন্দোলন করলে হবে না। তাঁর কথায়, এখন ‘INDIA ব্লক প্লাস’ প্রয়োজন। অর্থাৎ INDIA ব্লকের বাইরের বিরোধী রাজনৈতিক শক্তিকেও এক জায়গায় আনার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়টি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই ইস্যুতে বৃহত্তর বিরোধী ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মনে করছে বাম দলগুলি।
সব বিরোধী দলকে চিঠি CPI(M)-এর
CPI(M)-এর সাধারণ সম্পাদক জানিয়েছেন, তিনি INDIA ব্লকের শরিকদের পাশাপাশি জোটের বাইরের বিরোধী দলগুলিকেও চিঠি দিয়েছেন।
তাঁর দাবি, বেশির ভাগ দলের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। ফলে আগামিদিনে এই বিষয়ে বিরোধী দলগুলির মধ্যে আরও আলোচনা হতে পারে। তিনি আরও জানিয়েছেন, নাগরিক সমাজের CJP-র সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁদের সঙ্গেও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছে CPI(M)। বামেদের বক্তব্য, যে রাজনৈতিক দলগুলি বিজেপির সঙ্গে একমত নয়, তাদের সকলের কাছেই পৌঁছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে।
মাসের শেষে দিল্লিতে বৈঠক?
চলতি মাসের শেষে দিল্লিতে INDIA ব্লকের দলগুলির বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনায় হতে পারে।