Advertisement

Epstein Files: এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন? বিতর্কে সাফাই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

লোকসভায় রাহুল গান্ধী একাধিকবার এপস্টিন ফাইল প্রসঙ্গ উত্থাপনের সময়ে হরদীপ সিং পুরীর নাম তোলেন। জবাবে একটি সাংবাদিক সম্মেলন করে কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। জানালেন কেন তিনি এপস্টিনের সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন।

হরদীপ সিং পুরী, এপস্টিন, রাহুল গান্ধী হরদীপ সিং পুরী, এপস্টিন, রাহুল গান্ধী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 6:23 PM IST
  • এপস্টিন ফাইল প্রসঙ্গ উত্থাপনের সময়ে হরদীপ সিং পুরীর নাম তোলেন রাহুল
  • কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
  • তিনি এপস্টিনের সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন

লোকসভায় ভাষণের মাঝে 'এপস্টিন ফাইল' প্রসঙ্গে উত্থাপন করেন রাহুল গান্ধী। স্পিকারের তরফ থেকে তাঁকে একাধিকবার বাধা দেওয়া হয়, সরব হয় ট্রেজারি বেঞ্চও। তা সত্ত্বেও তিনি এই ইস্যু তোলেন। দাবি করেন, নাম জড়িয়ে রয়েছে হরদীপ সিং পুরীরও। এবার কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। জানালেন, তিনি এপস্টিনের সঙ্গে ৩-৪ বার দেখাও করেছেন। 

‘এপস্টিন ফাইলস’-এর সঙ্গে তাঁর নাম জড়ানোর অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন হরদীপ সিং পুরী। লোকসভায় রাহুল গান্ধীর বিস্ফোরক বক্তব্যের পর এক সাংবাদিক সম্মেলন ডেকে গোটা বিষয়ের ব্যাখ্যা দেন তিনি। কেন তিনি এপস্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সে কথাও জানান। 

হরদীপ সিং পুরী স্পষ্ট করে জানান, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর যে ক'বার সাক্ষাৎ হয়েছিল তা সম্পূর্ণ পেশাগত এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট (IPI)-এর একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে। ওই সাক্ষাতের সঙ্গে এপস্টিনের বিরুদ্ধে ওঠা কোনও যৌন অপরাধের অভিযোগের কোনও সম্পর্ক নেই।

হরদীপ সিং পুরী বলেন, 'আমি IPI-এর অধীনে একটি কমিশনের অংশ হিসেবে এপস্টিনের সঙ্গে দেখা করেছি। আমার তৎকালীন বস তেরিয়ে রড লার্সেন এপস্টিনকে চিনতেন। আমি সর্বোচ্চ ৩-৪ বার তাঁর সঙ্গে দেখা করেছি, তার বেশি নয়। আমাদের র্আলোচনা সম্পূর্ণ ভাবে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে ছিল।'

মন্ত্রী আরও জানান, এই সংক্রান্ত সমস্ত তথ্য মার্কিন বিচার দফতরের প্রকাশিত নথিতেই রয়েছে। তিনি বলেন, '২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ইমেল প্রকাশ করা হয়েছে। ওই ৮ বছরে আমার নামে ৩ বা ৪টি বৈঠকের প্রসঙ্গ এসেছে। আমার সব যোগাযোগই ছিল পেশাগত, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অ মাল্টিল্যাটারিজম এবং আন্তর্জাতিক কাজ সংক্রান্ত।' 

তিনি আরও ব্যাখ্যা করেন, 'এই ৮ বছরে মাত্র ২টি রেফারেন্স ও একটি ইমেল আদান-প্রদান হয়েছে। তা-ও অন্যরা আমাকে এপস্টিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল বলে।' রাহুল গান্ধীর বক্তব্যের কড়া সমালোচনা করে হরদীপ সিং পুরী বলেন, 'ওঁর বোঝা উচিত এপস্টিন ফাইলস কী? এগুলি যৌন শোষণ, পিডোফিলিয়া ও অপরাধ সংক্রান্ত অভিযোগের নথি। যেখানে ভুক্তভোগীরা মামলা করেছেন। আমার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।'

Advertisement

তিনি ২০১৪ সালের একটি ইমেল পড়ে শোনান। যেখানে তিনি লিঙ্কডইনের প্রাক্তন CEO রিড হফম্যান-কে লিখেছিলেন, ভারত ইন্টারনেট ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য এক অসাধারণ সুযোগের দেশ। আর একটি ইমেলের প্রসঙ্গ হরদীপ সিং পুরী বলেন, 'আমি এপস্টিনের কার্যকলাপে আগ্রহী ছিলাম না। সে কারণে ওরা আমাকে সঠিক মানুষ বলে মনে করত না। এপস্টিন নিজেই আমাকে টু-ফেসড বলেছিল। রাহুলের উচিত এই মেলগুলি পড়া।'

উল্লেখ্য, লোকসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেছিলেন, হরদীপ সিং পুরীর নাম এপস্টিন ফাইলসে রয়েছে। এই ফাইলগুলোতে এপস্টিনের সামাজিক যোগাযোগে থাকা বহু প্রভাবশালী রাজনীতিবিদ ও সেলিব্রিটির নাম উঠে এসেছে। আন্তর্জাতিক স্তরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন সহ বহু পরিচিত ব্যক্তির নামও এই নথিতে রয়েছে। এমনকী উঠে এসেছে নরেন্দ্র মোদীর নামও। 

 

Read more!
Advertisement
Advertisement