
ফের ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। সোমবার হিমাচল প্রদেশের শাহ তালাইয়ের কাছে তীর্থযাত্রী নিয়ে ভ্রমণ করা একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। আর এই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। আরও সাতজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
যতদূর খবর, এই বাসটিতে মোট ৩৫ জন তীর্থযাত্রী ছিলেন। তাঁরা অমৃতসর থেকে বাবা বালক নাথ মন্দিরে দর্শনের উদ্দেশে দিওতসিদ্ধ ও শাহ তালাই যাচ্ছিলেন। আর পথেই ঘটে দুর্ঘটনা। তাতেই প্রাণ গেল ২ জনের। আহত অনেকে।
দ্রুত শুরু হয় উদ্ধারকাজ
এলাকাবাসী সূত্রে খবর মিলেছে, দুর্ঘটনার কথা জানার পরই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। খবর পাওয়ার পরই জেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য দফতরের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য পিজিআই চণ্ডীগড়ে পাঠানো হয়েছে। বাকি দু'জনকে হামিরপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আরও চারজন সামান্য আহত হয়েছেন। তাঁদের বারসার হাসপাতালে চিকিৎসা চলছে।
কী জানাচ্ছে জেলা প্রশাসন
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে জেলা প্রশাসন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার দিকে সবরকম নজর রাখা হচ্ছে। যা যা দরকার, সব ধরনের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তীর্থযাত্রী ও তাঁদের পরিবারের পাশেও থাকছে প্রশাসন। তাঁদের সব ধরনের সহায়তাও করা হচ্ছে।
মাথায় রাখতে হবে, বেশ কিছু দিন ধরেই ভয়াবহ সব বাস দুর্ঘটনার খবর সামনে আসছে। কখনও বাসে লাগছে আগুন। কখনও আবার বাস দুর্ঘটনার কবলে পড়ছে। যার জেরে প্রাণ হারাচ্ছেন অনেকে। আর তেমনই একটা খবর আবার সামনে এল। এখন দেখার মৃতের সংখ্যা আরও বাড়ে কি না।