Advertisement

Sahitya Aajtak 2026: রিলসের যুগে গল্পের বইয়ের ভবিষ্যৎ কী? শিশুদের পড়ার অভ্যাস নিয়ে আলোচনা সাহিত্য আজ তকে

তাঁর মতে, বই পড়ার অভিজ্ঞতা ডিজিটাল কনটেন্টের থেকে একেবারেই আলাদা। বাবা-মা যখন সন্তানকে নিয়ে বই পড়েন, তখন গল্পের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথোপকথনের সুযোগ তৈরি হয়।

সাহিত্য আজতক ২০২৬সাহিত্য আজতক ২০২৬
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 9:11 PM IST
  • তাঁর বক্তব্য, শিশুদের মানসিক এবং আবেগগত বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
  • বিশেষ করে গল্প পড়ার অভ্যাস শিশুদের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করার পাশাপাশি মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে

শিশুদের পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। পড়াশোনা থেকে বিনোদন, সব ক্ষেত্রেই ক্রমশ বাড়ছে ডিজিটাল মাধ্যমের প্রভাব। মোবাইল, ট্যাবলেট, রিলস এবং বিভিন্ন অনলাইন কনটেন্ট এখন ছোটদের দৈনন্দিন জীবনের অংশ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ডিজিটাল দুনিয়ার আকর্ষণে কি বই থেকে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম? আর যদি তাই হয়, তা হলে কীভাবে শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করা সম্ভব? শিশুদের বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে কি বদলানো প্রয়োজন গল্প বলার ধরনও?

সাহিত্য আজতক ২০২৬-এর দ্বিতীয় দিনে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আয়োজিত হয়েছিল বিশেষ আলোচনা পর্ব। 'পন্নে অ্যায়সি প্রীত: ডিজিটাল পিঢ়ি কো কিতাবোঁ সে জোড়নে কে সূত্র' শীর্ষক এই অধিবেশনে অংশ নেন বিশিষ্ট বিজ্ঞান লেখক ও শিশুসাহিত্যিক দেবেন্দ্র মেওয়ারি, লেখিকা ও অনুবাদক মনীষা চৌধুরী এবং প্রবীণ সাংবাদিক ও লেখক সূর্যকান্ত সিং। আলোচনাটি পরিচালনা করেন TVTN-এর ম্যানেজিং এডিটর পানিনি আনন্দ।

ডিজিটাল যুগে শিশুদের বদলে যাওয়া অভ্যাস, রিলস ও অনলাইন কনটেন্টের প্রভাব এবং বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন তিন বক্তা। তাঁদের বক্তব্যে উঠে আসে, বই শুধুমাত্র তথ্য বা জ্ঞান অর্জনের মাধ্যম নয়। শিশুদের কল্পনাশক্তি, চিন্তাভাবনা এবং আবেগের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গল্প ও বই।

বই পড়লে শিশুদের মধ্যে তৈরি হয় কথোপকথনের অভ্যাস, বললেন মনীষা

আলোচনায় মনীষা চৌধুরী বলেন, শিশুদের মানসিক ও বৌদ্ধিক বিকাশে বইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল মাধ্যম এখন শুধু তথ্য পাওয়ার জায়গা নয়, বরং আমাদের দেখা, শোনা এবং পড়ার অভ্যাসকেও বদলে দিচ্ছে। মোবাইলে শিশুরা একই সঙ্গে নানা ধরনের বিষয় দেখতে ও শুনতে পারে। ফলে অনেক সময় তাদের মনোযোগ এক জায়গায় ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

তাঁর মতে, বই পড়ার অভিজ্ঞতা ডিজিটাল কনটেন্টের থেকে একেবারেই আলাদা। বাবা-মা যখন সন্তানকে নিয়ে বই পড়েন, তখন গল্পের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথোপকথনের সুযোগ তৈরি হয়। গল্পের কোনও চরিত্র, ঘটনা কিংবা বিশেষ দৃশ্য নিয়ে শিশুর মনে কী প্রশ্ন তৈরি হচ্ছে, কীসে সে আনন্দ পাচ্ছে, তা বোঝার সুযোগ পান অভিভাবকরা।

Advertisement

মনীষার বক্তব্য, ডিজিটাল মাধ্যমে এই ধরনের পারস্পরিক সংলাপ সবসময় তৈরি হয় না। তাই শিশুদের বইয়ের সঙ্গে পরিচয় করানো এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

শিশুদের পড়ার অভ্যাসের সমস্যা বড় সামাজিক ও শিক্ষাগত চ্যালেঞ্জ

প্রবীণ সাংবাদিক ও লেখক সূর্যকান্ত সিংয়ের মতে, শিশুদের বই পড়ার অভ্যাস তৈরি করার বিষয়টি শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বৃহত্তর সামাজিক ও শিক্ষাগত সমস্যা। করোনা অতিমারির পর এই বিষয়টি নিয়ে একাধিক গবেষণা ও আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তাঁর বক্তব্য, শিশুদের মানসিক এবং আবেগগত বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে গল্প পড়ার অভ্যাস শিশুদের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করার পাশাপাশি মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে।

ডিজিটাল মাধ্যম এবং বইয়ের জগতের মধ্যে যে আপাত বিরোধ রয়েছে, সেই বিষয়টিও তুলে ধরেন সূর্যকান্ত। তিনি বলেন, একদিকে দেশে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে বইয়ের ডিজিটাল সংস্করণ তৈরি হচ্ছে। ন্যাশনাল বুক ট্রাস্টের মতো সংস্থাও ই-পাঠাগার পরিচালনা করছে। স্কুলে ব্ল্যাকবোর্ডের জায়গা নিচ্ছে স্মার্ট বোর্ড। ছোটদের পড়াশোনার একাধিক কার্যক্রমও এখন ডিজিটাল মাধ্যমনির্ভর।

ফলে ছোট থেকেই যখন শিশুরা ডিজিটাল ডিভাইসের মধ্যে বড় হচ্ছে, তখন তাদের সম্পূর্ণভাবে এই জগৎ থেকে সরিয়ে এনে বইয়ের দিকে নিয়ে যাওয়া সহজ নয়। তাই ডিজিটাল মাধ্যমকে পুরোপুরি অস্বীকার না করে, সেখানে শিশুদের উপযোগী উন্নত, আকর্ষণীয় এবং শিক্ষামূলক কনটেন্ট তৈরি করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

চতুর্থ শ্রেণির পড়ুয়ার ফোন, বইয়ের প্রতি ভালোবাসার গল্প শোনালেন দেবেন্দ্র

আলোচনায় একটি বিশেষ অভিজ্ঞতার কথা শোনান বিজ্ঞান লেখক ও শিশুসাহিত্যিক দেবেন্দ্র মেওয়ারি। তিনি জানান, উত্তরপ্রদেশের গাজিপুরের কাসিমাবাদের চতুর্থ শ্রেণির এক ছাত্রী একবার তাঁকে ফোন করেছিল। দেবেন্দ্রর একটি বই পড়ে বইয়ের পিছনে দেওয়া ফোন নম্বর থেকে সে যোগাযোগ করে।

কথা বলতে বলতে দেবেন্দ্র তাকে প্রশ্ন করেন, সে মোবাইল দেখে কি না। উত্তরে মেয়েটি জানায়, মোবাইল তার মায়ের কাছে থাকে। সে নিজে বই পড়তেই বেশি পছন্দ করে।

দেবেন্দ্রর কথায়, ওই খুদে পাঠক তাঁকে জানিয়েছিল, বইয়ের মধ্যে সে যত কিছু খুঁজে পায়, মোবাইলে ততটা পায় না। এই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বোঝান, বই শিশুদের কল্পনা করার এবং কোনও বিষয়কে নিজের মতো করে অনুভব করার সুযোগ দেয়।

তাঁর মতে, ডিজিটাল মাধ্যমে শিশুরা বৃষ্টি, মেঘ, পাহাড়, কুয়াশা কিংবা ফুলের উপর বসে থাকা প্রজাপতির ছবি দেখতে পারে। কিন্তু সেই দৃশ্যকে নিজের অনুভূতির মধ্যে ধারণ করার অভিজ্ঞতা আলাদা। বই পড়ার সময় শিশু নিজের কল্পনায় এই দৃশ্যগুলি তৈরি করে নেয়। ফলে তার কৌতূহল ও কল্পনাশক্তি আরও সমৃদ্ধ হয়।

ডিজিটাল প্রজন্মের জন্য কেমন হওয়া উচিত নতুন শিশুসাহিত্য?

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল, শিশুদের বইয়ের দিকে ফেরাতে শুধু মোবাইল বা ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার পরামর্শ যথেষ্ট নয়। কারণ, বর্তমান প্রজন্মের পড়াশোনা, বিনোদন এবং দৈনন্দিন জীবনের সঙ্গে ডিজিটাল মাধ্যম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।

তাই বইয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও শিশুদের বয়স ও আগ্রহ অনুযায়ী ভালো কনটেন্ট তৈরি করা প্রয়োজন। এমন বিষয়বস্তু, যা তাদের কৌতূহল বাড়াবে, নতুন কিছু জানতে উৎসাহিত করবে এবং সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটাবে।

বক্তাদের আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে, বই ও ডিজিটাল মাধ্যমকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দেখার পরিবর্তে দুয়ের মধ্যে সমন্বয় তৈরি করাই সময়ের দাবি। শিশুদের পৃথিবী বদলাচ্ছে, তাদের আগ্রহও বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিশুসাহিত্য এবং গল্প বলার ধরনকেও নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement