Advertisement

লোহাগড়ে কেতন খুনের মামলায় আদালতে পুলিশের দাবি কতটা টিকবে? প্রমাণই এখন আসল পরীক্ষা

পুনের লোহাগড় দুর্গে ২৬ বছরের কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্ত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে গোটা মামলার ভবিষ্যৎ নির্ভর করতে পারে দুর্গের একটি নির্দিষ্ট পাথুরে কিনারাকে ঘিরে। সেখান থেকেই গত ১৮ জুন কেতন নিচে পড়ে মারা যান। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও, পরে তা বহুল আলোচিত খুনের মামলায় পরিণত হয়েছে।

লোহাগড় হত্যা মামলা।-ফাইল ছবিলোহাগড় হত্যা মামলা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 11:39 AM IST
  • এই মামলায় কেতনের বাগদত্তা ২০ বছরের সিয়া গোয়েল এবং তাঁর কথিত প্রেমিক ২২ বছরের চেতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুনে গ্রামীণ পুলিশ।
  • তদন্তকারীদের দাবি, দু'জনে মিলে পরিকল্পনা করে কেতনকে দুর্গের চূড়া থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছে।

পুনের লোহাগড় দুর্গে ২৬ বছরের কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্ত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে গোটা মামলার ভবিষ্যৎ নির্ভর করতে পারে দুর্গের একটি নির্দিষ্ট পাথুরে কিনারাকে ঘিরে। সেখান থেকেই গত ১৮ জুন কেতন নিচে পড়ে মারা যান। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও, পরে তা বহুল আলোচিত খুনের মামলায় পরিণত হয়েছে।

এই মামলায় কেতনের বাগদত্তা ২০ বছরের সিয়া গোয়েল এবং তাঁর কথিত প্রেমিক ২২ বছরের চেতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুনে গ্রামীণ পুলিশ। তদন্তকারীদের দাবি, দু'জনে মিলে পরিকল্পনা করে কেতনকে দুর্গের চূড়া থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছে।

তবে পুলিশের এই দাবি এখনও আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, সিয়া ও চেতন এখনও শুধুই অভিযুক্ত; তাঁদের অপরাধ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা দোষী নন।

অভিযোগ থেকে প্রমাণ, সবচেয়ে কঠিন পথ
পুলিশের দাবি, সিয়া বিয়েতে রাজি ছিলেন না এবং চেতনের সঙ্গে সম্পর্কের জেরেই এই হত্যার ছক কষা হয়। তদন্তে ক্যাফেতে বৈঠক, পরিকল্পনার মহড়া, মোবাইল ফোনের তথ্য, সিসিটিভি ফুটেজ, লোকেশন ডেটা এবং ঘটনার পর অভিযুক্তদের আচরণকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

কিন্তু আদালতে শুধু সন্দেহ বা সম্ভাবনা যথেষ্ট নয়। প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে, কেতন দুর্ঘটনাবশত পড়ে যাননি, আত্মহত্যাও করেননি কিংবা ভারসাম্য হারিয়ে পড়েননি, তাঁকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েই ফেলে দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শী নেই, ভরসা পারিপার্শ্বিক প্রমাণ
তদন্ত চলাকালীন পুলিশ নিজেই আদালতে জানিয়েছিল, ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী বা এমন অকাট্য প্রমাণ নেই, যা সরাসরি দেখায় কে কেতনকে ধাক্কা দিয়েছিল। তদন্তকারীরা মূলত পারিপার্শ্বিক (Circumstantial) প্রমাণের উপরই নির্ভর করছেন।

একসময় পুলিশ অভিযুক্তদের লাই-ডিটেক্টর পরীক্ষার অনুমতি চাইলেও পরে সেই আবেদন প্রত্যাহার করে।
পুলিশের হেফাজতে দেওয়া স্বীকারোক্তি কতটা গ্রহণযোগ্য?

প্রবীণ আইনজীবী তানভীর আহমেদ মীর, যিনি আরুশি-হেমরাজ হত্যা মামলায় তালওয়ার দম্পতির পক্ষে লড়েছিলেন, বলেন, পুলিশের হেফাজতে দেওয়া তথাকথিত স্বীকারোক্তির আইনি মূল্য অত্যন্ত সীমিত। তাঁর মতে, আদালত জনমতের ভিত্তিতে নয়, কেবল গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়।

Advertisement

'পঞ্চশীল' নীতির পরীক্ষায় টিকতে হবে
ভারতের বিচারব্যবস্থায় শুধুমাত্র পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা যায়। তবে সেই প্রমাণের শৃঙ্খল হতে হবে সম্পূর্ণ এবং নির্ভুল।

সুপ্রিম কোর্টের Sharad Birdhichand Sarda vs State of Maharashtra (1984) মামলায় নির্ধারিত 'পঞ্চশীল' নীতি অনুযায়ী-
প্রতিটি পরিস্থিতি সম্পূর্ণভাবে প্রমাণিত হতে হবে।
সমস্ত প্রমাণ একই উপসংহারের দিকেই নির্দেশ করবে।
অন্য কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যার সুযোগ থাকবে না।
পুরো প্রমাণের শৃঙ্খল এমন হতে হবে, যাতে অভিযুক্তের নির্দোষ হওয়ার সম্ভাবনা না থাকে।

যদি এই শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কড়িও দুর্বল হয়, তাহলে অভিযুক্ত সন্দেহের সুবিধা পাবেন।

আরুশি-হেমরাজ মামলার উদাহরণ
২০০৮ সালের বহুল আলোচিত আরুশি-হেমরাজ হত্যা মামলায় প্রথমে তালওয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করা হলেও পরে এলাহাবাদ হাইকোর্ট তাঁদের খালাস দেয়। কারণ, আদালতের মতে প্রসিকিউশন সমস্ত বিকল্প সম্ভাবনা বাতিল করতে পারেনি এবং পারিপার্শ্বিক প্রমাণের শৃঙ্খল সম্পূর্ণ ছিল না।

আইনজীবী তানভীর মীরের মতে, লোহাগড় মামলাতেও একই ধরনের আইনি পরীক্ষা হবে।
লোহাগড় মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন
আদালতে তদন্তকারীদের প্রমাণ করতে হবে-
সিয়া ও চেতনের মধ্যে সত্যিই কি হত্যার ষড়যন্ত্র হয়েছিল?
ফোন, চ্যাট, সিসিটিভি ও লোকেশন ডেটা কি সেই পরিকল্পনাকে সমর্থন করে?
ঘটনার পরে তাঁদের আচরণ কি অপরাধ গোপনের ইঙ্গিত দেয়?

তবে সবচেয়ে বড় প্রশ্ন থাকবে একটাই-
কেতন কি নিজেই পড়ে গিয়েছিলেন, নাকি তাঁকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল?

বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনাস্থলের ঢাল, পাথরের অবস্থান, কেতনের জুতো, আঘাতের ধরন, পড়ে যাওয়ার দিক এবং ফরেনসিক বিশ্লেষণ, সবকিছুই এই প্রশ্নের উত্তর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

শেষ পর্যন্ত আদালত সংবাদ শিরোনাম নয়, গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। তাই পুলিশের অভিযোগকে আদালতে অকাট্য প্রমাণে রূপান্তর করাই এই মামলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

Read more!
Advertisement
Advertisement