
৩ মে NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় হয়েছিল দেশ। কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আগামী ২১ জুন ফের পরীক্ষা নেওয়া হবে। সেদিন প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেজন্য এবার ভারতীয় বায়ুসেনার সাহায্য নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্নপত্র দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদে পৌঁছে দিতে বায়ুসেনার Mi-17 হেলিকপ্টার-সহ বিভিন্ন বিমান ব্যবহার করা হবে বলে সূত্রের খবর।
প্রাথমিকভাবে জানা যায়, দেশের ১৮টি নির্দিষ্ট কেন্দ্র থেকে প্রশ্নপত্রের প্যাকেট বিতরণ কেন্দ্র ও পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। গত পরীক্ষা বাতিল হওয়ার পেছনে প্রশ্নফাঁসের অভিযোগ থাকায় এবার কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। সেই কারণেই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্রের দাবি, যেখানে দ্রুত প্রশ্নপত্র পৌঁছে দেওয়া প্রয়োজন, সেখানে Mi-17 হেলিকপ্টার ও অন্য সামরিক বিমান মোতায়েন করা হবে। সামরিক বিমান ব্যবহারের ফলে পরিবহণে সময় কমবে এবং প্রশ্নপত্রের নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, পুনঃপরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সামরিক ও নিরাপত্তা আধিকারিকদেরও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের আরও দাবি, প্রশ্নপত্র প্রণেতা, মডারেটর এবং অনুবাদকদের ইতিমধ্যেই একটি গোপন ও সুরক্ষিত স্থানে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কার্যত লকডাউনে রাখা হবে। মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট পরিষেবা এবং বাইরের বিশ্বের সঙ্গে সব ধরনের যোগাযোগের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে প্রশ্নফাঁসের কোনও সম্ভাবনাই না থাকে।
এই নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নপত্র তৈরির পর্যায় থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহণ এবং পরীক্ষাকেন্দ্রে বিতরণ—প্রতিটি ধাপকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে। গোটা প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে। প্রয়োজনে অতিরিক্ত সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
প্রশ্নফাঁসের অভিযোগের জেরে NEET-UG ২০২৬-এর মূল পরীক্ষা বাতিল করা হয়েছিল। প্রশাসনের দাবি, প্রশ্নপত্র প্রস্তুতি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো পর্যন্ত প্রতিটি ধাপকে নিরাপদ, স্বচ্ছ এবং কারচুপিমুক্ত রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, Mi-17 রাশিয়ার তৈরি একটি মাঝারি-ক্ষমতার হেলিকপ্টার। এতে প্রায় ৪ টন পর্যন্ত মালামাল বহন করা যায়। যে কোনও আবহাওয়ায় উড়তে সক্ষম। গোপনীয় বা সংবেদনশীল সামগ্রী নিরাপদে পরিবহণের জন্য উপযোগী এই হেলিকপ্টার।