
বদলে যাচ্ছে বিহারের রাজনীতি। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ও JDU নেতা নীতীশ কুমার রাজ্যসভায় যাচ্ছেন বলে খবর। আজই তিনি নিজের মনোনয়ন জমা দেবেন বলে জানা যাচ্ছে। আর এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে বিহারের রাজনীতিতে একটা বড় পরিবর্তন লক্ষ করা যাবে। NDA-কে আবার নতুন করে মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে। এমনকী বিহার সরকারেও একাধিক পরিবর্তন করতে হবে।
যদিও এখনও JDU-এর তরফ থেকে সরকারিভাবে জানান হয়নি যে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ। তবে দেশের রাজনীতির আঙিনায় জোর জল্পনা যে তিনি আজই বিজেপি সভাপতি নিতিন নবীনের সঙ্গেই রাজ্যসভার মনোনোয়ন জমা দেবেন।
এখন প্রশ্ন হল, নীতীশ যদি রাজ্যসভায় যান, তাহলে বিহারে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কে? উপমুখ্যমন্ত্রীই বা হবেন কে?
৫ মাস আগেই ক্ষমতায় আসেন নীতীশ
এই তো মাত্র ৫ মাস আগেই নীতীশের নেতৃত্বে বড় জয় পায় NDA। আর নিজেদের প্রতিশ্রুতি মতো গদিতে বসেন নীতীশ। তিনি ১০ বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। আর উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন সম্রাট চৌধুরী এবং বিজ কুমার সিনহা।
এমতাবস্থায় সরকারের বয়স ৬ হতে না হতেই নতুন খেলা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে নীতীশ রাজ্যসভায় যাচ্ছেন বলেই খবর।
এই প্রসঙ্গে সিনিয়র জেডিইউ নেতা বিহারের মন্ত্রী বিজয় কুমার চৌধুরী বলেন, নীতীশ একটা বিকল্পের কথা ভাবছেন। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, নীতীশ কি রাজ্যসভায় যেতে চলেছেন? তখন তিনি উত্তর দেন যে, কথা চলছে। শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন।
আর এখানেই শেষ না করে বিজয় আরও জানান যে নীতীশ পুত্র নিশান্ত খুব তাড়াতাড়ি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন।
একটা কথা মাথায় রাখতে হবে নীতীশ সত্যিই যদি রাজ্যসভায় চলে যান, তাহলে সরকার নতুন করে সাজানো ছাড়া কোনও উপায় থাকবে না।
ক্ষমতা বদল হবে বিহারে?
নীতীশ গদি ছাড়লেই জেডিইউ এবং বিজেপি সমীকরণে বদল হবে। এখন বিহারে এনডিএ-তে জেডিইউ-এর শক্তি সামান্য বেশি। তাই মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ। আর বিজেপি পেয়েছে দুই উপমুখ্যমন্ত্রী।
তবে নীতীশ দিল্লি গেলেই পরিস্থিতি বদলে যেতে পারে। এই অবস্থায় জেডিইউ-এর বদলে মুখ্যমন্ত্রী পেতে পারে ডেডিইউ। আর উপমুখ্যমন্ত্রী হতে পারে জেডিইউ থেকে।
কার কী ভূমিকা থাকতে পারে?
বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হলে, ২ উপমুখ্যমন্ত্রী হবে জেডিইউ থেকে। এমন পরিস্থিতিতে দিলীপ জয়সওয়াল, সম্রাট চৌধুরী এবং নিত্যানন্দ রাই মুখ্যমন্ত্রী হতে পারেন। এছাড়া আরও নাম নিয়ে চলছে চর্চা।
এটাও শোনা যাচ্ছে যে নীতীশ কুমার গদি ছাড়ার পর সেই জায়গায় যাতে তাঁর পুত্র নিশান্ত কুমারকে বসানো হয়, সেই দাবিও উঠছে জেডিইউ-এর মধ্যে থেকে। তবে যতদূর খবর, তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে না। তার বদলে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে প্রশ্ন হল, নিশান্ত তো না হয় একজন হল, কিন্তু অপর উপমুখ্যমন্ত্রী হবেন কে? আর এই সব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুটা সময় লাগবেই। (প্রতিবেদন: কবুল আহমেদ)