Advertisement

ডিলিমিটেশন নিয়ে স্ট্যালিন-পাওয়ারকে পাশে পেতে তৎপর ইন্ডি জোট, মমতা-সোনিয়া-খাড়গে যাচ্ছেন চেন্নাই

সেখানে এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করবেন কংগ্রেস নেতৃত্ব। গত তিন দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন শরদ। হাসপাতালেই তাঁর সঙ্গে দেখা করতে পারেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 11:48 AM IST
  • চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করবেন এনডিএ বিরোধী নেতারা।
  • সূত্রের খবর, ডিলিমিটেশন বিল নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ এবং বিরোধী দলগুলির অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

ডিলিমিটেশন বিল নিয়ে ইন্ডি জোটে তৎপরতা। সেই লক্ষ্যেই চেন্নাই ও মুম্বই সফরে যাচ্ছেন NDA বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী এবং বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী নেতাদের একটি দল একই বিমানে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে। সেই বিমানে থাকবেন মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য একটি বিমানে যাবেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গী হচ্ছেন দক্ষিণ ভারতের তিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

এ ছাড়াও এই সফরে যোগ দিচ্ছেন সমাজবাদী পার্টির নেতা রাজীব রাই, আরজেডি নেত্রী মিসা ভারতী, ইটি মহম্মদ বশির, এম এ বেবি এবং কপিল সিব্বল। বিরোধী জোটের একাধিক দলের শীর্ষ নেতাদের লক্ষ্য হবে স্ট্যালিন ও শরদ পাওয়ারের সঙ্গে কথা বলে তাঁদের দলের সাংসদদের অবস্থান বদলানো। 

স্ট্যালিনের সঙ্গে বৈঠক, এরপর মুম্বই সফর

চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করবেন এনডিএ বিরোধী নেতারা। সূত্রের খবর, ডিলিমিটেশন বিল নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ এবং বিরোধী দলগুলির অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। এরপর মুম্বইয়ে যাওয়ার কথা তাঁদের।

সেখানে এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করবেন কংগ্রেস নেতৃত্ব। গত তিন দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন শরদ। হাসপাতালেই তাঁর সঙ্গে দেখা করতে পারেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। রাত সাড়ে ৮টা নাগাদ তাঁদের হাসপাতালে পৌঁছনোর কথা। বৈঠক প্রায় এক ঘণ্টা চলতে পারে বলে সূত্রের খবর।

ডিলিমিটেশন নিয়ে কেন আপত্তি বিরোধীদের?

লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণের প্রক্রিয়াই ডিলিমিটেশন। এই প্রক্রিয়া ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে। ২০২৬ সালের পর লোকসভা আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা, নতুন জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলিতে লোকসভার আসন বাড়তে পারে। অন্যদিকে, জনসংখ্যা নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে সফল দক্ষিণের রাজ্যগুলির সংসদীয় প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

বিশেষ করে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে এই বিষয়ে সরব। তাদের বক্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য পাওয়ার কারণে দক্ষিণের রাজ্যগুলিকে সংসদীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে বঞ্চিত করা উচিত নয়।

বিরোধী জোটে সমন্বয়ের চেষ্টা

এই পরিস্থিতিতে ডিলিমিটেশন বিল নিয়ে শরিক দলগুলির মধ্যে অভিন্ন অবস্থান তৈরি করতে চাইছে কংগ্রেস। শুধু দক্ষিণ ভারতের দলগুলিই নয়, বিরোধী জোটের অন্য শরিকদেরও এই বিষয়ে একমত করার চেষ্টা চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, খাড়গে-সহ একাধিক শীর্ষ নেতার একই সফরে যোগ দেওয়াকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিলিমিটেশন নিয়ে বিরোধীদের পরবর্তী রাজনৈতিক কৌশল কী হবে, এই বৈঠকগুলির পর তা স্পষ্ট হতে পারে।

Read more!
Advertisement
Advertisement