
নির্বাচন কমিশনের কাছে ৪৮টি প্রশ্নের উত্তর জানতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়া ব্লক। শীর্ষ আদালতে একটি আর্জি জমা দিয়েছে বিরোধী দলগুলি। তাদের দাবি, নির্বাচন কমিশনের আধিকারিকদের প্রশ্ন করার অনুমতি দিক আদালত। আইনি পরিভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় 'ইন্টারোগেটরিজ' (Interrogatories)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু, বিবেক যোশী, ডেপুটি নির্বাচন কমিশনার ভানুপ্রকাশ-সহ অন্যান্য আধিকারিকদের কাছে এই প্রশ্নগুলির উত্তর চাওয়া হয়েছে।
বিরোধীদের মূল উদ্দেশ্য, গোটা দেশে এসআইআর চালু করা এবং ফর্ম ৬-এ পরিবর্তনের সিদ্ধান্ত কার অনুমতিতে নেওয়া হয়েছিল, তা জানা। পাশাপাশি এই সিদ্ধান্তগুলির বিষয়ে নির্বাচন কমিশনের সমস্ত সদস্যের সম্মতি ছিল কি না, তা-ও জানতে চায় ইন্ডিয়া ব্লক। এই সমস্ত বিষয় নিয়েই মোট ৪৮টি প্রশ্ন জমা দিয়েছে বিরোধী দলগুলি। এক্সে কংগ্রেস দাবি করেছে, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যে হলফনামা জমা দিয়েছে, তাতে ভোটচুরি নিয়ে বিরোধীদের তোলা একটি প্রশ্নেরও জবাব দেওয়া হয়নি।
কী কী প্রশ্ন বিরোধীদের?
এসআইআরে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারের কতগুলি সিদ্ধান্তের সঙ্গে সহমত ছিলেন না বাকি দুই নির্বাচন কমিশনার? গোটা দেশে এসআইআর চালানোর সিদ্ধান্ত কে নিয়েছিল? ফর্ম ৬-এ পরিবর্তন করার সিদ্ধান্তই বা কার? ইসিআই নেটকে কীভাবে চালানো হয়েছিল? ভোটার তালিকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছিল?
বাংলায় নাম তোলার বিরোধিতায় কত আবেদন?
পশ্চিমবঙ্গে বিচারবিভাগীয় আধিকারিকদের দেওয়া নাম অন্তর্ভুক্তির নির্দেশের বিরুদ্ধে কতগুলি আবেদন দায়ের করা হয়েছে, তার বিস্তারিত তথ্য চেয়েছে বিরোধীরা। একইসঙ্গে ওই আবেদনগুলির অনুমোদন কোন আধিকারিকরা দিয়েছিলেন এবং কোন মাপকাঠির ভিত্তিতে নির্দিষ্ট মামলাগুলি আবেদনের জন্য বেছে নেওয়া হয়েছিল, তাও জানতে চাওয়া হয়েছে।
কমিশনের 'মতপার্থক্য' নিয়ে প্রশ্ন
নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্যের অভিযোগ করে আবেদনকারীরা জানতে চেয়েছেন, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ২৬ অক্টোবরের মধ্যে কতবার এসআইআর, ইসিআইনেট, ফর্ম ৬ বা আবেদন দায়ের সংক্রান্ত কোনও বিষয়ে লিখিতভাবে আপত্তি বা ভিন্নমত জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী? প্রতিটি ক্ষেত্রে আপত্তি জানানোর তারিখ, সংশ্লিষ্ট ফাইল নম্বর এবং বিষয়বস্তুও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, ২০২৩ সালের আইনের ১৮(২) ধারায় সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা, তা-ও জানতে চেয়েছেন আবেদনকারীরা। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তা হলে প্রতিটি সিদ্ধান্তের বিস্তারিত তথ্য এবং কোন সদস্য তাতে ভিন্নমত পোষণ করেছিলেন, তা স্পষ্ট করার দাবি করা হয়েছে।
সুপ্রিম কোর্টে কমিশন কী বলেছিল?
নির্বাচন কমিশনের একটি হলফনামা জমা দেওয়ার পরেই এই ৪৮টি প্রশ্ন সামনে এসেছে। সমাজকর্মী রাকেশকুমার সিংয়ের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে গত ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টে ওই হলফনামা জমা দিয়েছিল নির্বাচন কমিশন। মামলায় এসআইআর প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। হলফনামায় নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, কোনও নির্বাচন কমিশনারের লেখা মন্তব্য, পরামর্শ বা প্রশ্নকে কমিশনের অফিসিয়াল সিদ্ধান্ত বলে গণ্য করা যায় না। সেগুলি সংশ্লিষ্ট কমিশনারদের ব্যক্তিগত মতামত, পরামর্শ বা প্রশ্নমাত্র। গোটা কমিশনের সিদ্ধান্ত নয়। নির্বাচন কমিশন আরও দাবি করেছিল, এসআইআর আইনসম্মত। নির্ধারিত নিয়ম মেনেই এসআইআর করা হয়েছে।
অফিসিয়াল জবাব চায় বিরোধীরা
নির্বাচন কমিশনের এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিরোধীরা। তাই এবার সুপ্রিম কোর্টের কাছে ৪৮টি প্রশ্নের উত্তর চাওয়ার অনুমতি চেয়েছে বিরোধীরা। তাদের দাবি, শুধু দায়সারা উত্তর দিলেই চলবে না। প্রতিটি প্রশ্নের পৃথক এবং বিস্তারিত জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। কোনও প্রশ্নের উত্তর জানা না থাকলে, তার কারণ জানাতে হবে। সেই সঙ্গে আদালতে পেশ করতে হবে সংশ্লিষ্ট নথিপত্রও।