
ইন্ডিয়া জোটের বৈঠকেও উঠল SIR ইস্যু। এই বিষয়টিকে যে গুরুত্ব দিয়েই দেখছেন জোট শরিকরা, তা বৈঠক শেষে স্পষ্ট করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানান, মোট ৫ ইস্যুতে সহমত হয়েছেন শরিকদলের সদস্যরা। তার মধ্যে রয়েছে এই SIR-ও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পাশে নিয়ে এই ঘোষণা করেন তিনি।
এদিন বৈঠক শেষে খাড়গে জানান, 'INDIA জোটের বৈঠক শেষ হয়েছে। ২৫টি দল এতে অংশ নিয়েছে। প্রত্যেকে নিজেদের মতামত জানিয়েছেন। আলোচনা শেষে আমরা পাঁচটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। এই বিষয়গুলি নিয়ে আমরা লড়াই করব, কাজ করব এবং এগিয়ে যাব।'
তিনি আরও জানান, যে ৫ বিষয়ে সহমত হয়েছে দলগুলি সেগুলি হল, SIR-সহ ভোটে কারচুপির বিষয়ে দেশের প্রধান বিচারপতিকে স্মারকলিপি জমা দেবেন জোটের নেতারা। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে এই অভিযোগে তিনি শিক্ষামন্ত্রী ধরেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেন। বলেন, 'NEET-সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দেশের ছাত্র-ছাত্রীরা এখন রাস্তায় নেমেছেন। তাঁদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। তাই সবাই চাই, শিক্ষামন্ত্রী ইস্তফা দিক।' একইসঙ্গে দেশে নানা জ্বলন্ত ইস্যু যেমন বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ক্ষেত্রে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হবে বলেও জানান তিনি।
বিজেপি-বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া তৈরি হয়েছিল ২০২৩ সালে। ওই বছরের জুনে পটনায় প্রথম বৈঠক বসেছিল। তবে তারপর থেকে বৈঠক সেভাবে নিয়মিত হয়নি। আঞ্চলিক রাজনীতির কারণে একাধিক দল জোট থেকে সরেও গিয়েছে। তবে ঐক্য দৃঢ় করতে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। খাড়গে জানান, এবার থেকে প্রতি ২ মাস অন্তর হবে বৈঠক। পরবর্তী সূচি হায়দরাবাদ। অগাস্ট মাসে সেখানে জড়ো হবেন নেতারা। বর্ষাকালীন মরসুমেও বিরোধী দলনেতার সঙ্গে জুড়ে থাকবেন নেতারা। জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টা নাগাদ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক শুরু হয়। তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেন। সমাজবাদী পার্টি (এসপি)-র অখিলেশ সিংহ যাদব, আরজেডির তেজস্বী যাদব, এনসি-র ওমর আবদুল্লাও বৈঠকে যোগ দেন।