Advertisement

India Iran Travel Advisory April 2026: 'কোনওভাবেই ইরানমুখো হবেন না’, নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস

India Iran Travel Advisory April 2026: বৃহস্পতিবার রাতে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, ভারত ও ইরানের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরুর খবর আসলেও সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন। আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের আকাশসীমায় এখনও কড়াকড়ি রয়েছে এবং বিমান চলাচলের ক্ষেত্রে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advisory to indians in iran: ইরান আসবেন না, নির্দেশিকা ভারতীয় দূতাবাসেরAdvisory to indians in iran: ইরান আসবেন না, নির্দেশিকা ভারতীয় দূতাবাসের
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 1:26 AM IST

India Iran Travel Advisory April 2026: আকাশসীমা নিয়ে চরম অনিশ্চয়তা, সেই সঙ্গে যে কোনও মুহূর্তে বড়সড় সংঘাতের আশঙ্কা। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রেখে এবার ভারতীয়দের জন্য কড়া ‘ট্রাভেল অ্যাডভাইজরি’ জারি করল বিদেশ মন্ত্রক। স্পষ্ট জানানো হয়েছে, আকাশপথ হোক বা স্থলপথ, এই মুহূর্তে কোনওভাবেই যেন কোনও ভারতীয় নাগরিক ইরান সফরে না যান। এমনকী যাঁরা বর্তমানে ইরানে রয়েছেন, তাঁদেরও দ্রুত এবং সুরক্ষিতভাবে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস।

বৃহস্পতিবার রাতে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, ভারত ও ইরানের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরুর খবর আসলেও সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন। আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের আকাশসীমায় এখনও কড়াকড়ি রয়েছে এবং বিমান চলাচলের ক্ষেত্রে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই ঝুঁকি না নিয়ে সবরকম সফর এড়ানোর কথা বলেছে দিল্লি। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় প্রায় ৯ হাজার ভারতীয় সেখানে আটকে ছিলেন, যাঁদের মধ্যে ১৮০০ জন ইতিমধ্যেই ফিরে এসেছেন।

দূতাবাসের তরফে জানানো হয়েছে, যাঁরা এখনও ইরানে রয়েছেন, তাঁরা যেন নিজেদের গতিবিধি সীমিত রাখেন এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখেন। স্থলসীমান্ত দিয়ে দেশ ছাড়ার ক্ষেত্রেও দূতাবাসের নির্দিষ্ট করে দেওয়া রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত অবনতি হলে সাধারণ পর্যটক বা প্রবাসী ভারতীয়রা বড়সড় বিপদে পড়তে পারেন। তাই ‘সতর্কতাই শ্রেষ্ঠ প্রতিকার’ এই মন্ত্রেই এখন জোর দিচ্ছে সাউথ ব্লক।

 

Read more!
Advertisement
Advertisement