Advertisement

ট্রাম্পের হুঁশিয়ারির পর সতর্ক ভারতও, ইরানে বসবাসকারীদের জন্য জারি নির্দেশিকা

ভারতীয় দূতাবাসের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে অন্তত পরবর্তী ৪৮ ঘণ্টা ভারতীয়দের নিজেদের অবস্থানেই থাকতে হবে এবং কোনও প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। বিশেষ করে সেনা ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র বা অন্য কোনও সংবেদনশীল স্থানের আশেপাশে যাওয়া থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 8:13 PM IST
  • ইরান ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • এই পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্র সরকারের

ইরান ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্র সরকারের। আজই ট্রাম্প দাবি করেছেন, ইরানে বড়সড় হামলা চালানো হতে পারে। তারপরই সতর্ক ভারতও। 

ভারতীয় দূতাবাসের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে অন্তত পরবর্তী ৪৮ ঘণ্টা ভারতীয়দের নিজেদের অবস্থানেই থাকতে হবে এবং কোনও প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। বিশেষ করে সেনা ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র বা অন্য কোনও সংবেদনশীল স্থানের আশেপাশে যাওয়া থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতির সম্ভাব্য অবনতি মাথায় রেখে আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। বহু তলা ভবনের উপরের তলায় না থাকার জন্যও সতর্ক করা হয়েছে, যা সম্ভাব্য হামলা বা বিস্ফোরণের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে নেওয়া একটি সাবধানতামূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এছাড়া যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার উপর জোর দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, যাঁরা দূতাবাসের ব্যবস্থায় থাকা হোটেলে রয়েছেন, তাঁদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে হোটেলের ভিতরেই থাকতে ও দূতাবাসের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে। কোথাও যাওয়ার আগে যেন দূতাবাসের অনুমতি নেওয়া হয়। 

এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই সকলকে সরকারি আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। দূতাবাসের একাধিক জরুরি ফোন নম্বরও সক্রিয় রাখা হয়েছে, যাতে প্রয়োজনে ভারতীয় নাগরিকরা দ্রুত যোগাযোগ করতে পারেন।

আন্তর্জাতিক পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়লে তার প্রভাব দ্রুতই সাধারণ মানুষের জীবনে পড়তে পারে। সেই কারণেই ভারত সরকার আগে থেকেই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement