
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে ভালোবাসেন। তিনি মোদীকে ভালোবাসেন। তিনি খুব শীঘ্রই ভারতে আসবেন। India Today Conclave-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন বার্তাই পড়ে শোনালেন তাঁর সমর্থনকারী লরা লুমার।
India Today Conclave 2026-এ অংশগ্রহণ করেছেন লরা লুমার। আর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানের মঞ্চেই তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মেসেজ পড়ে শোনান। সেখানেই তিনি জানিয়ে দেন, ট্রাম্প খুব তাড়াতাড়ি ভারতে আসতে চান। তিনি মোদী এবং ভারতকে খুবই ভালোবাসেন।
এই অনুষ্ঠানে নিজেকে ট্রাম্পের সমর্থক বলে জানিয়ে দেন লরা। তিনি দাবি করেন, ট্রাম্পের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি এই কাজটা করে থাকেন।
যদিও এ দিনের অনুষ্ঠানে তিনি ভারতকে আক্রমণ করার জন্য ক্ষমা চান। আসলে এর আগে লরা একাধিকবার ভারতকে আক্রমণ করেছিলেন বিভিন্ন ইস্যুতে। তিনি সমাজমাধ্যম এক্স-এ ভারত বিরোধী পোস্ট করেছিলেন। আর সেটা করা তাঁর উচিত হয়নি। এমনটাই আজ স্বীকার করে নিলেন লরা।
ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণতা ফিরেছে
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই খামখেয়ালি হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতিগতি বোঝা দায় হয়ে পড়েছে।
এই টার্মে আসার পরই তিনি ভারতের উপর শুল্ক চাপিয়ে দেন। রাশিয়ার থেকে তেল কেনার অপরাধেই তিনি এই কাজটা করেন। এমনকী একাধিকবার তিনি দাবি করেন যে ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য তিনিই প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন। যদিও তাঁর এই সব দাবি উড়িয়ে দেয় সরকার। আর তাঁর এই সব কর্মকাণ্ডের জন্য ভারতের সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়।
যদিও গত কয়েক মাসে পরিস্থিতি বদলেছে। আবার মোদীর সঙ্গে সম্পর্ক উষ্ণতা বাড়িয়েছেন ট্রাম্প। এমনকী ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কথাও ঘোষণা করেছেন তিনি। এমনকী তুলে নিয়েছেন রাশিয়ার উপর তেল কেনার জন্য চাপানো শুল্ক। তাতেই ভারতের ব্যবসা বেড়েছে।
এখানেই শেষ নয়, ইরান যুদ্ধ চলার সময় রাশিয়া থেকে তেল কেনার অনুমতিও দিয়েছে আমেরিকা। আর তাতেই স্পষ্ট যে ভারতের ট্রাম্পের সম্পর্ক ফিরছে। আর এ সবের মাঝেই ট্রাম্প আবার ভারতে আসার কথা ঘোষণা করলেন।