
গাজাবাসীর কাছে নতুন সঙ্কট নিয়ে আসতে পারে শীতকাল। এই পরিস্থিতিতে ভারত-সহ রাষ্ট্রসঙ্ঘের (UN) ৫১টি দেশ ইজরায়েলের নতুন সরকারের কাছে আবেদন জানিয়েছে, গাজায় ত্রাণসামগ্রী পৌঁছনোর পথে যেন কোনও বাধা তৈরি করা না হয়। ওই দেশগুলির স্পষ্ট বক্তব্য, গাজার বাসিন্দাদের কাছে খাবার, পানীয় জল, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের জন্য দরকারি সামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। বিশেষ করে মহিলা, শিশু এবং অসুস্থ মানুষদের কাছে পৌঁছতে হবে নিত্যপ্রয়োজনীয় জিনিস।
জর্ডন, কাতার এবং ব্রিটেনের নেতৃত্বে নেওয়া এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে ভারত। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে ভারতের হয়ে উপস্থিত ছিলেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি যোজনা পটেল। সেখানে ভারত-সহ ৫১টি দেশ 'গাজায় ত্রাণ ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার আর্জি'কে সমর্থন করে।
শুক্রবার সমাজমাধ্যম এক্সে ভারতের রাষ্ট্রসঙ্ঘের মিশনের তরফে জানানো হয়েছে, শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজার সাধারণ মানুষের কাছে নিরাপদে এবং নিরবচ্ছিন্নভাবে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে মহিলা ও শিশুদের প্রয়োজন বেশি। পাশাপাশি সাধারণ নাগরিকদের নিরাপত্তা, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নতুন করে শুরু করার উপরেও জোর দিয়েছে ভারত।
ইজরায়েলের নতুন সরকারের কাছে কী কী দাবি?
রাষ্ট্রসঙ্ঘে ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি সারা ম্যাকিন্টোশ ৫১টি দেশের হয়ে একটি যৌথ বিবৃতি দেন। সেখানে ইজরায়েলের নির্বাচনের পর গঠিত হতে চলা নতুন সরকারের কাছে গাজায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। মিশর এবং জর্ডনের সীমান্তপথ ব্যবহার করে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে সেখানে। এছাড়া আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি, পানীয় জল, পরিচ্ছন্নতা রাখার উপকরণ এবং স্বাস্থ্য পরিষেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়েছে। গাজায় সাধারণ মানুষের স্বাস্থ্য পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
গুরুতর অসুস্থদের অন্য হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা
যৌথ বিবৃতিতে এমন রোগীদের বিষয়টিও তুলে ধরা হয়েছে, যাঁদের গাজায় চিকিৎসা সম্ভব নয়। তাঁদের পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের হাসপাতালগুলিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা ফের চালু করার দাবি জানিয়েছে দেশগুলি। পাশাপাশি ভারত-সহ ৫১টি দেশ হাসপাতাল, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসার কাজে ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও করেছে। স্বাস্থ্যকর্মী ও ত্রাণকর্মীদের উপর হওয়া হামলার স্বচ্ছ ফৌজদারি তদন্ত শুরু করে দ্রুত তা শেষ করার দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।
সাহায্যের প্রতিশ্রুতি
শীতে গাজায় ত্রাণকাজে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে এই দেশগুলি। সেখানকার মানুষের কাছে আশ্রয়, পানীয় জল, পরিচ্ছন্নতা রাখার সামগ্রী এবং স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। সেই সঙ্গে ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নতুন করে উদ্যোগ শুরু করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে।