Advertisement

Indian Citizenship: প্যান কার্ড, ভোটার কার্ডও ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়? যা বলছে আদালত

আদালতের মতে, ওই মহিলা ১৯৭১ সালের ২৫ মার্চের পর ভারতে প্রবেশ করেছিলেন। তাই প্যান কার্ড (PAN) এবং ভোটার পরিচয়পত্র (EPIC) থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না। একই ভাবে, এই নথিগুলি দিয়ে কারও সঙ্গে পারিবারিক সম্পর্কও প্রমাণ করা যায় না। তার জন্য নথি তৈরির সময় জমা দেওয়া মূল রেকর্ড দেখাতে হবে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

ভারতীয় নাগরিকত্ব কী বলল গুয়াহাটি হাইকোর্ট?ভারতীয় নাগরিকত্ব কী বলল গুয়াহাটি হাইকোর্ট?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 12:24 PM IST
  • আদালতের মতে, ওই মহিলা ১৯৭১ সালের ২৫ মার্চের পর ভারতে প্রবেশ করেছিলেন
  • তাই প্যান কার্ড (PAN) এবং ভোটার পরিচয়পত্র (EPIC) থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না
  • একই ভাবে, এই নথিগুলি দিয়ে কারও সঙ্গে পারিবারিক সম্পর্কও প্রমাণ করা যায় না

প্যান কার্ড (PAN) এবং ভোটার কার্ড (EPIC) থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না। এই কথা বলে নাগরিকত্বের দাবি খারিজ করল গুয়াহাটি হাইকোর্ট। এক মহিলাকে বিদেশি বলে ঘোষণা করার ফরেনার্স ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রাখল আদালত। 

আদালতের মতে, ওই মহিলা ১৯৭১ সালের ২৫ মার্চের পর ভারতে প্রবেশ করেছিলেন। তাই প্যান কার্ড (PAN) এবং ভোটার পরিচয়পত্র (EPIC) থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না। একই ভাবে, এই নথিগুলি দিয়ে কারও সঙ্গে পারিবারিক সম্পর্কও প্রমাণ করা যায় না। তার জন্য নথি তৈরির সময় জমা দেওয়া মূল রেকর্ড দেখাতে হবে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

এই মামলায় দরং জেলার বাসিন্দা কুলছান বেগমের দায়ের করা রিট পিটিশন খারিজ করেছে আদালত। ২০১৮ সালে মঙ্গলদৈয়ের ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁকে বিদেশি বলে ঘোষণা করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের ডিভিশন বেঞ্চ জানায়, কুলছান যে নথিগুলি জমা দিয়েছিলেন, সেগুলি তাঁর নাগরিকত্ব বা দাবিকরা বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক প্রমাণের জন্য যথেষ্ট নয়। ওই নথির মধ্যে ছিল তাঁর বাবার প্যান কার্ড ও ভোটার পরিচয়পত্র এবং তাঁর নিজের ভোটার কার্ড।

৫ নভেম্বরের রায়ে আদালত জানায়, 'আবেদনকারীর জমা দেওয়া প্যান কার্ড ও ভোটার পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ নয়। আয়কর দফতর বা ভারতের নির্বাচন কমিশন কোনও তদন্ত ছাড়াই ব্যক্তির আবেদনের ভিত্তিতে এই নথিগুলি দিয়ে থাকে। তাই এই নথি তৈরির সময় জমা দেওয়া রেকর্ডের সত্যতা প্রমাণিত না হলে, সেগুলিকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না।'

কুলছানের দাবি ছিল, ১৯৭৭ সালের ২৫ এপ্রিল তাঁর জন্ম। গুয়াহাটির খারগুলির লুইটপারে তিনি বড় হয়েছেন। তাঁর দাদু-দিদার নাম সাবেদ আলি এবং জাহেদা খাতুন। তাঁদের নাম তৎকালীন কামরূপ জেলার নোসোত্রা গ্রামের ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকায় ছিল বলেও দাবি করেন তিনি। তাঁদের ছেলে আবু চান্দ মহম্মদই তাঁর বাবা বলে আদালতে জানান কুলছান।

Advertisement

নাগরিকত্বের দাবি প্রমাণ করতে তিনি ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকা, বাবার প্যান কার্ড ও ভোটার পরিচয়পত্র, নিজের ভোটার কার্ড, পরিবারের রেশন কার্ড, ২০১৮ সালের ভোটার তালিকা এবং এনআরসি-তে আবেদন করার রসিদ জমা দিয়েছিলেন।

কুলছানের আরও দাবি ছিল, তাঁর বাবা ভারতীয় নাগরিক। ভোটার তালিকাতেও তাঁর নাম ছিল। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বারপেটা কেন্দ্র থেকে এবং ২০১১ সালের অসম বিধানসভা নির্বাচনে বাঘবর কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। ২০১৩ সালে গুয়াহাটি পুরনিগমের নির্বাচিত কাউন্সিলর হিসেবেও কাজ করেছিলেন।

তবে হাইকোর্ট জানায়, বাবার নির্বাচনে লড়া বা পুরনিগমের কাউন্সিলর হওয়ার তথ্য দিয়ে কুলছানের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক প্রমাণ করা যায় না।

রায়ে আদালত বলে, 'আবেদনকারীর দাবিকরা বাবা লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং গুয়াহাটি পুরনিগমের নির্বাচিত কাউন্সিলর ছিলেন, শুধু এই তথ্য দিয়ে আবেদনকারী যে ওই ব্যক্তির মেয়ে, তা প্রমাণ হয় না।'

এছাড়াও, কুলছানের দেওয়া পারিবারিক ইতিহাসে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে আদালত। ভোটার তালিকায় পরিবারের সদস্যদের বয়সের তথ্যেও গরমিল ছিল। আদালত জানায়, কুলছানের দাবিকরা বাবার নাম প্রথম ১৯৯৭ সালের ভোটার তালিকায় পাওয়া যায়। সেখানে তাঁর বয়স ৫০ বছর বলে উল্লেখ ছিল।

বিচারপতিদের মতে, ১৯৭০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ২৭ বছর ধরে কুলছানের দাবিকরা দাদু, দিদা ও বাবা অসমে বসবাস করেছেন, এমন কোনও প্রমাণ নেই। এই দীর্ঘ সময় ধরে তাঁদের অসমে থাকার বিষয়টি প্রমাণ করার দায়িত্ব ছিল আবেদনকারীর।

আদালত আরও জানায়, জমা দেওয়া নথিগুলি দিয়ে দাবিকরা বাবা-মায়ের সঙ্গে কুলছানের সম্পর্কও প্রতিষ্ঠা করা যায়নি। এলাকার সভার এক প্রতিনিধির দেওয়া শংসাপত্রের সত্যতা প্রমাণে যিনি সেটি দিয়েছিলেন, তাঁকে আদালতে হাজির করা হয়নি। রেশন কার্ড এবং ২০১৮ সালের ভোটার তালিকাও তাঁর পারিবারিক সম্পর্ক প্রমাণ করতে পারেনি।

বিচারপতিরা বলেন, 'জমা দেওয়া কোনও নথিই ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ৯ নম্বর ধারায় থাকা প্রমাণের দায় মেটাতে সাহায্য করে না। ভারতীয় নাগরিক এবং ভারতীয় বাবা-মায়ের সন্তান হিসেবে নিজের পরিচয় প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন আবেদনকারী।'

এনআরসি প্রক্রিয়ায় জমা দেওয়া আবেদনের একটি রসিদও আদালতে পেশ করেছিলেন কুলছান। তবে আদালত জানায়, ট্রাইব্যুনাল যখন মতামত দিয়েছিল, তখন এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়নি। তাই ওই রসিদকে প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না।

২০০০ সালে কুলছানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই সময় মামলাটি ১৯৮৩ সালের Illegal Migrants (Determination by Tribunals) আইনের অধীনে নথিভুক্ত হয়। ২০০৫ সালে সুপ্রিম কোর্ট ওই আইন বাতিল করে দেওয়ার পর মামলাটি ফরেনার্স ট্রাইব্যুনাল ব্যবস্থায় পাঠানো হয়।

শেষ পর্যন্ত ফরেনার্স ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রেখে কুলছানের রিট পিটিশন খারিজ করে দেয় গুয়াহাটি হাইকোর্ট। একই সঙ্গে ২০২২ সালের ১৮ এপ্রিল তাঁকে যে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল, তা-ও প্রত্যাহার করে নেওয়া হয়।

 

Read more!
Advertisement
Advertisement