
থাকার কথা ৩৬টি। এখন ভারতীয় বায়ুসেনার হাতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ঠিক কত? এই প্রশ্নটাই উঠে গেল একটি বিমান সংক্রান্ত ব্রিটিশ ম্যাগাজিনের প্রতিবেদন ঘিরে। ফ্লাইটগ্লোবাল নামে ওই ম্যাগাজিনের দাবি, ভারতের হাতে এখন রয়েছে ৩২টি রাফাল। অর্থাৎ কমেছে ৪টি। এটা কি সত্যি? ভারতীয় বায়ুসেনা কী বলছে? ভারত সরকারের বক্তব্যই বা কী?
শুরুতে জানা যাক, ব্রিটিশ ম্যাগাজিন ফ্লাইটগ্লোবাল ঠিক কী দাবি করেছে? ফ্রান্সের কাছ থেকে এখনও পর্যন্ত মোট ৩৬টি রাফাল কিনেছে ভারত। ফ্লাইটগ্লোবালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরির সাম্প্রতিক সংস্করণে দাবি করা হয়েছে, ভারতীয় বায়ুসেনার হাতে রাফালের সংখ্যা ৩২। অর্থাৎ চারটি যুদ্ধবিমান কমে গিয়েছে। কেন রাফালের সংখ্যা কম দেখানো হয়েছে, তার কোনও ব্যাখ্যা বা প্রমাণ দেয়নি ফ্লাইটগ্লোবাল।
ভারতের হাতে এখন কত রাফাল?
ব্রিটিশ ম্যাগাজিনের এই দাবি খারিজ করে দিয়েছেন অপারেশন সিঁদুরের সময় দায়িত্বে থাকা বায়ুসেনার প্রাক্তন উপপ্রধান নর্মদেশ্বর তিওয়ারি। ওই পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারির (অবসরপ্রাপ্ত) কথায়,'এটা পুরোপুরি মিথ্যা তথ্য'। ফ্লাইটগ্লোবালকে তথ্যসূত্র নতুন করে যাচাই করার পরামর্শও দিয়েছেন। তাঁর বক্তব্য, একই সূত্র এর আগে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় রাফাল ধ্বংস হয়েছিল বলে দাবি করেছি। টেল নম্বরও দিয়েছিল। অথচ সেই একই নম্বরের যুদ্ধবিমানগুলি পরবর্তী সময়ে বিভিন্ন মহড়ায় অংশ নিয়েছে। এমনকি দেখা গিয়েছে আন্তর্জাতিক মহড়াতেও।
নর্মদেশ্বর মনে করিয়ে দিয়েছেন ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা রাফাল পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গি সিংয়ের ঘটনার কথা। সংঘর্ষের সময় একাধিক পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মিথ্যা দাবি করা হয়েছিল, শিবাঙ্গীকে বন্দি করেছে পাকিস্তান। এমনকি তাঁর রাফাল যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলেও দাবি করেছিল পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। তবে সেই দাবি তখনই সরাসরি খারিজ করে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা।
পাকিস্তানের রাফাল ধ্বংসের দাবি
ফ্লাইটগ্লোবালের প্রতিবেদন প্রকাশ্যে আসতেই পাকিস্তান তা নিয়ে প্রচার শুরু করেছে। প্রমাণ দেওয়ার ক্ষেত্রে বরাবরই পিছিয়ে থাকা পাকিস্তান এ বারও ওই প্রতিবেদনকে হাতিয়ার করেছে। তাদের দাবি, নতুন পরিসংখ্যান থেকে প্রমাণ হয়ে গেল, সংঘর্ষের সময় ভারতীয় বায়ুসেনার চারটি রাফাল ধ্বংস করেছিল পাকিস্তান।
তবে এই দাবির মধ্যেই রয়েছে একাধিক অসঙ্গতি। প্রথমত, ঠিক কতগুলি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল, তা নিয়ে নির্দিষ্ট সংখ্যা দিতে পারেনি পাকিস্তান। সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কখনও তিনটি, কখনও চারটি, আবার কখনও ৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছেন। কিন্তু রাফাল ধ্বংসের কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ, যেমন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ বা উপগ্রহচিত্র প্রকাশ্যে আনতে পারেনি ইসলামাবাদ।
দাবি খারিজ করেছিল ভারত
পরবর্তী সময়ে ভারতের তৎকালীন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান-সহ প্রতিরক্ষা বিভাগের একাধিক শীর্ষ আধিকারিক কিছু ক্ষয়ক্ষতি এবং রণকৌশলগত ভুলের কথা স্বীকার করেছিলেন। তবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তাঁরা কোনও মন্তব্য করেননি। একইসঙ্গে পাকিস্তানের রাফাল ধ্বংসের দাবিও খারিজ করে দিয়েছিলেন তাঁরা।