
বিষ দিয়ে হত্যার চেষ্টা। হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর ভাইরাল হয়। কিন্তু গোয়েন্দা সূত্রে খবর, এটি গুজব মাত্র। পাকিস্তানেই সম্ভবত বহাল তবিয়তে রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন।
গুজবের সূত্রপাত এক পাকিস্তানি ইউটিউবারের ভিডিও থেকে। ১৭ ডিসেম্বর রাত থেকে হঠাতই সেই ভিডিওতে প্রচুর ভিউ আসতে শুরু করে। তাতে বলা হয়, বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তাকে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম। যাচাই ছাড়াই বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুজবের উপর ভিত্তি করে এই ভিডিও বানান ওই ইউটিউবার।
উক্ত ইউটিউবার ভিডিওতে বলেন, পাকিস্তানে হঠাত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দাউদের হাসপাতালে ভর্তির সঙ্গে এটি সম্পর্কিত। কিন্তু বিভিন্ন গোয়েন্দা সূত্রে পাল্টা দাবি করা হচ্ছে, এর সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনও সম্পর্ক নেই। সংযোগে সমস্যার কারণেই ইন্টারনেট বন্ধ। পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ-এর একটি ভার্চুয়াল বৈঠকের কারণে সেই বিঘ্ন ঘটেছে বলে মনে করা হচ্ছে।
দাউদ ইব্রাহিম ও তার সহযোগীরা যে বিশ্বের তাবড় দেশের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছে, তা কারও অজানা নয়। কিন্তু এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানেই আছেন দাউদ ইব্রাহিম এবং তাঁর পরিবার। গত কয়েক দশক ধরে পাকিস্তানেই বাস করছেন।
তবে শুধু বাস করছেন বললে ভুল হবে। বেশ রাজার হালেই আছেন বিশ্বের অন্যতম 'মোস্ট ওয়ান্টেড' ডন।
ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, দাউদ ও তাঁর সহযোগীর একটি কথোপকথন গোয়েন্দাদের হাতে আসে। সেই কল রেকর্ডিংয়ে দাউদ ইব্রাহিম তাঁর সহযোগী ফারুককে জেদ্দার একটি দোকান থেকে তাঁর জন্য লুই ভিটনের জুতো কেনার নির্দেশ দিচ্ছিলেন। লুই ভিটনের জুতোর যা দাম, তাতে আমজনতার একটি স্কুটার-মোটরসাইকেল হয়ে যাবে। ফলে পাকিস্তানে যে বেশ রাজার হালেই থাকেন দাউদ ইব্রাহিম, তা বলাই বাহুল্য।
৬৭ বছর বয়সী দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চোরাচালান, অবৈধ অস্ত্রের ব্যবসা, রিয়েল এস্টেট, আর্থিক তছরূপ এবং সন্ত্রাসবাদের মতো কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।