
ইরানে যুদ্ধজাহাজ IRIS Dena ডুবে যাওয়ার ঘটনা ঘিরে বিতর্কের অবসান ঘটালেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। ইন্ডিয়া টুডে কনক্লেভে এসে তিনি বললেন, 'এই ঘটনায় ভারত সরকার যথেষ্ট সহায়তা করেছে।'
ঠিক কী ঘটেছিল?
ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena একটি বহুজাতিক নৌমহড়ায় অংশ নিতে ভারতে এসেছিল। মহড়া শেষে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ফেরার পথে ৪ মার্চ মার্কিন বাহিনী এটিকে টর্পেডো হামলা করে। এই হামলায় জাহাজটির শতাধিক নাবিক নিহত হন।
এই ঘটনাটি ভারত মহাসাগরে ঘটায় ভারতে তীব্র বিতর্ক শুরু হয়।
ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য
শনিবার ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি বলেন, 'ভারত সরকার সত্যিই আমাদের সাহায্য করেছে। তারা আমাদের অনুরোধ গ্রহণ করেছে। দুঃখজনক ভাবে কিছু অন্য দেশ সহযোগিতা করতে অস্বীকার করেছে।' তিনি আরও বলেন, 'ইরান এই হামলার জবাব অবশ্যই দেবে এবং কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ভাল খবর শোনা যাবে।'
ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দেয় ভারত
একই সময়ে আরও একটি ইরানি যুদ্ধজাহাজ IRIS Lavan-কে ৪ মার্চ কেরলমের কোচি বন্দরে আশ্রয় দেয় ভারত। জাহাজটির ১৮৩ জন নাবিকের মধ্যে ৫০ জনের বেশি অপ্রয়োজনীয় ক্রু সদস্যকে ভারত তাদের দেশে ফেরত পাঠিয়েছে। বাকি সদস্যরা এখনও কোচিতে অবস্থান করছেন।
শ্রীলঙ্কার মন্তব্য
এই বিষয়ে নিয়ে একই অনুষ্ঠানে মন্তব্য করেন শ্রীলঙ্কার সংসদ সদস্য নমল রাজাপক্ষ। তিনি বলেন, 'এই হামলা আন্তর্জাতিক আইন সামুদ্রিক নিয়ম এবং ভারত মাহসাগরে বড় শুক্তিগুলোর আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।' তাঁর মতে, ভারত মহাসাগরে স্থিতিশীলতা বজায় রাখতে আঞ্চলিক দেশগুলির মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভারতের বড় ভূমিকা রয়েছে।
ভারতে কেন বিতর্ক শুরু হয়েছিল?
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ঘটনাটি শ্রীলঙ্কার গেল উপকূলের দক্ষিণে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ঘটলেও এটি ভারতের প্রভাবক্ষেত্রের কাছাকাছি হওয়ায় বিতর্ক তৈরি হয়। কিছু সমালোচক মনে করেছিলেন, যেহেতু ভারতই জাহাজটিকে নৌমহড়ায় আমন্ত্রণ জানিয়েছিল, তাই নৈতিক দায় কিছুটা ভারতেরও থাকতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, জাহাজটি ভারতীয় জলসীমা ছেড়ে যাওয়ার পর ভারতের দায়িত্ব শেষ হয়ে যায়। ফলে আমেরিকার হামলার জন্য ভারতকে দায়ী করা যায় না।
বিতর্কের অবসান
ইরানের রাষ্ট্রদূত স্পষ্ট ভাবে বলেছেন, ভারত তাদের সর্বোচ্চ সহায়তা করেছে। তাই IRIS Dena ডুবে যাওয়া নিয়ে ভারতে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা কার্যত অবসান ঘটেছে বলেই মনে করা হচ্ছে।