
হাতে মোবাইল, মাইক বা ক্যামেরা থাকলেই কি কাউকে সাংবাদিক বলা যায়? প্রতিবাদ-বিক্ষোভের খবর করতে গিয়ে পেশাদার সাংবাদিকদের কি সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের তুলনায় বেশি নিরাপত্তা পাওয়া উচিত? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিই এবার খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। সাংবাদিকতার আইনি পরিচয় এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিসর নিয়ে নীতিগতভাবে বিবেচনা করতে চলেছে শীর্ষ আদালত। একইসঙ্গে বিক্ষোভের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে বিশেষ সুরক্ষার ব্যবস্থা থাকা উচিত কি না, তা নিয়েও আলোচনা হবে।
ঘটনার সূত্রপাত গত ১০ ও ১১ অক্টোবর নয়াদিল্লিতে হওয়া বিক্ষোভের খবর সংগ্রহকে কেন্দ্র করে। অভিযোগ, সেই সময় সাত জন সাংবাদিককে আটক করা হয়েছিল। তাঁদের মারধর এবং সংবাদ সংগ্রহের কাজে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্টস, কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস, স্বাধীন সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা-সহ একাধিক সংগঠন ও ব্যক্তি।
সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের দুর্ব্যবহার, আটক এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে একাধিক আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। বিষয়টির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের কমিটিকে।
সাংবাদিকদের কি বিশেষ আইনি সুরক্ষা দেওয়া উচিত?
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সাংবাদিকদের আইনি পরিচয়ের বিষয়টি নীতিগতভাবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী জানান, বিক্ষোভ বা জনসমাবেশের মধ্যে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের আইন প্রয়োগকারী সংস্থার তুলনায় কোনও বিশেষ অধিকার বা সুরক্ষা দেওয়া উচিত কি না, তা আদালত খতিয়ে দেখবে।
এই প্রশ্নের সঙ্গে একদিকে যেমন সংবাদমাধ্যমের স্বাধীনতা জড়িয়ে রয়েছে, অন্যদিকে রয়েছে আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি। বিক্ষোভের সময় সাংবাদিকদের স্বাধীনভাবে খবর সংগ্রহের অধিকার এবং পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা যায়, সেটাই এখন আদালতের বিবেচ্য।
সাংবাদিক বনাম কনটেন্ট ক্রিয়েটর, কোথায় পার্থক্য?
এর আগের শুনানিতেও পেশাদার সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরেছিল আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী ‘ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট’-এর প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিকদের বিভিন্ন শ্রেণি এবং তাঁদের সম্ভাব্য সুরক্ষার বিষয়টি ব্যাখ্যা করেছিলেন।
এই তালিকায় রয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) বা সরকারের স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক, নিবন্ধিত সংবাদমাধ্যমে কর্মরত রিপোর্টার, স্বাধীন বা ফ্রিল্যান্স সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রিল নির্মাতারা। অর্থাৎ, প্রত্যেকের কাজের ধরন ও পেশাগত পরিচয় এক নয়। তাই আইনগত সুরক্ষার ক্ষেত্রেও তাঁদের আলাদা করে দেখা প্রয়োজন কি না, সেই প্রশ্নও ইতিমধ্য়েই উঠতে শুরু করেছে।
দিল্লি পুলিশের যুক্তি কী?
অন্যদিকে দিল্লি পুলিশ আদালতে জানিয়েছে, পেশাদার সাংবাদিকদের সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা রিল নির্মাতাদের এক শ্রেণিতে রাখা যায় না। পুলিশের বক্তব্য, বর্তমানে প্রায় প্রত্যেকের হাতেই মোবাইল ফোন বা মাইক্রোফোন রয়েছে। ফলে বিক্ষোভের মধ্যে প্রকৃত সাংবাদিক এবং স্লোগান দিতে বা আন্দোলনে অংশ নিতে আসা ব্যক্তিদের মধ্যে পার্থক্য করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।
দিল্লি পুলিশের দাবি, পেশাদার সাংবাদিকদের জন্য যে নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল রয়েছে, তার সুবিধা তাঁদেরই পাওয়া উচিত। কোনও ব্যক্তি আটক হওয়ার পর নিজেকে সাংবাদিক বলে দাবি করলেই তাঁকে সেই সুরক্ষার আওতায় আনা উচিত নয় বলেও আদালতে যুক্তি দিয়েছে পুলিশ।
সব মিলিয়ে, সাংবাদিকতার পেশাগত পরিচয়, সংবাদ সংগ্রহের স্বাধীনতা এবং বিক্ষোভের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নের মুখে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট। হাতে মোবাইল বা মাইক থাকলেই কি সাংবাদিকের পরিচয় পাওয়া যায়, নাকি তার জন্য নির্দিষ্ট পেশাগত ও আইনি মানদণ্ড থাকা প্রয়োজন, সেই বিতর্কের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।