Advertisement

এনগেজমেন্ট হয়ে গিয়েছিল, সামনেই বিয়ে, রুশ হামলায় নিহত সেই ভারতীয় নাবিক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ছুটিতে বাড়ি এসে পরিবারের উপস্থিতিতে বাগ্‌দান সারেন তিনি। আলাপ্পুঝার এক তরুণীর সঙ্গে দু’মাস পর তাঁর বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। এমনকি নতুন সংসারের জন্য বাড়ি নির্মাণের কাজও চলছিল। ছুটিতে বাড়ি থাকাকালীন সেই কাজ নিজে দাঁড়িয়ে তদারকিও করেছিলেন।

মৃত্যু হল সেই নাবিকের।-ফাইল ছবিমৃত্যু হল সেই নাবিকের।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jul 2026,
  • अपडेटेड 12:53 PM IST
  • মাত্র কয়েক দিন আগেই বাড়িতে বাগ্‌দান সেরেছিলেন।
  • আর দু’মাস পরেই ছিল বিয়ে।

মাত্র কয়েক দিন আগেই বাড়িতে বাগ্‌দান সেরেছিলেন। আর দু’মাস পরেই ছিল বিয়ে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। ইউক্রেনের ওডেশা উপকূলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন কেরলের তরুণ মার্চেন্ট নেভি অফিসার অখিল জয়ন। তিনি যে পণ্যবাহী জাহাজে কর্মরত ছিলেন, সেটিই হামলার শিকার হয়। এই ঘটনায় অখিল-সহ মোট ৯ জন নাবিকের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে চার জন ভারতীয়।

অখিল কেরলের কাসারগড় জেলার ভেলারিকুন্ডু গ্রামের বাসিন্দা। অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান তিনি। তাঁর বাবা একটি ছোট বৈদ্যুতিক সামগ্রীর দোকান চালাতেন এবং মা বিমা সংস্থার এজেন্ট। পরিবারের প্রধান ভরসা ছিলেন অখিলই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ছুটিতে বাড়ি এসে পরিবারের উপস্থিতিতে বাগ্‌দান সারেন তিনি। আলাপ্পুঝার এক তরুণীর সঙ্গে দু’মাস পর তাঁর বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। এমনকি নতুন সংসারের জন্য বাড়ি নির্মাণের কাজও চলছিল। ছুটিতে বাড়ি থাকাকালীন সেই কাজ নিজে দাঁড়িয়ে তদারকিও করেছিলেন।

পরিবারের এক সদস্য জানান, বাড়িতে থাকার সময় অখিল বলেছিলেন, সমুদ্রে এই কাজ আর ভালো লাগছে না। অন্য কোনও চাকরির খোঁজও শুরু করেছিলেন তিনি। কিন্তু নতুন জীবনের পরিকল্পনা শেষ পর্যন্ত অপূর্ণই থেকে গেল। স্থানীয় বাসিন্দা শোভি জোসেফ জানিয়েছেন, অখিল অত্যন্ত শান্ত, ভদ্র এবং মিশুকে স্বভাবের ছিলেন। এলাকায় ‘টাগ অব ওয়ার’ খেলায় তাঁর বিশেষ পরিচিতি ছিল। পাশাপাশি ‘ফিঙ্গার পুলিং’ প্রতিযোগিতায় বিশ্বরেকর্ডও গড়েছিলেন তিনি।

১৯ বছর বয়সে মার্চেন্ট নেভিতে যোগ দেন অখিল। চেন্নাই থেকে নটিক্যাল সায়েন্সে পড়াশোনা শেষ করে গত ছয় বছর ধরে সমুদ্রপথে কর্মরত ছিলেন। তিনি ‘এভি গোল্ডেন লিও’ নামে একটি পণ্যবাহী জাহাজে কাজ করছিলেন। ইউক্রেনের ওডেশা বন্দরের কাছে নোঙর করা অবস্থায় জাহাজটিতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ঘটনাস্থলেই প্রাণ হারান অখিল-সহ ৯ জন নাবিক।

ই-মেলের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান অখিলের বাবা-মা। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ভেলারিকুন্ডু গ্রামে। ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে কড়া প্রতিবাদ জানিয়ে ভারতে নিযুক্ত রুশ দূতাবাসের ভারপ্রাপ্ত আধিকারিককে তলব করা হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement