Advertisement

Terrorist Lateef Bhat: VIDEO কলে 'আল্লাহর সঙ্গে মুলাকাত' করতে চেয়েছিল, ঠিক কীভাবে জঙ্গি লতিফ খতম? গায়ে কাঁটা দেবে!

'তুমি পালাতে পারো, কিন্তু লুকোতে পারবে না'। মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাটকে খতম করার পর এমনই পোস্ট এল কাশ্মীর পুলিশের এক্স হ্যান্ডলে। খুব বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারল না লস্কর-ই-তৈবার এই কমান্ডার। কী ভাবে খতম করা হল এই জঙ্গিকে?

জঙ্গি লতিফ ভাটজঙ্গি লতিফ ভাট
Aajtak Bangla
  • কুলগাম ,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 11:26 AM IST
  • মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাট খতম
  • খুব বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারল না মসজিদের ভিতর
  • কী ভাবে খতম করা হল এই জঙ্গিকে?

'তুমি পালাতে পারো, কিন্তু লুকোতে পারবে না'। মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাটকে খতম করার পর এমনই পোস্ট এল কাশ্মীর পুলিশের এক্স হ্যান্ডলে। খুব বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারল না লস্কর-ই-তৈবার এই কমান্ডার। মসজিদ থেকে তাকে টেনে বের করে আনতে ফাঁদ পাতে নিরাপত্তাবাহিনী। আর সেই ফাঁদে পা দিতেই গুলিতে ঝাঁঝরা লতিফ। কী ভাবে তাকে খতম করল সেনা? 

বুধবার ভোর হওয়ার আগে থেকেই কুলগাম জেলার একাধিক গ্রামে নিরাপত্তাবাহিনীর অভিযান শুরু হয়েছিল। নতুন করে গুলির শব্দও শোনা যাচ্ছিল কুলগামে। এর আগে সোমবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় লতিফের সহযোগী উমর নিসার দার। কোনওমতে সেই স্থান ছেড়ে পালাতে সক্ষম হয়েছিল লতিফ। তবে নিরাপত্তাবাহিনীও ছাড়ার পাত্র নয়, তক্কে তক্কে ছিল তারাও। 

মঙ্গলবার পুলিশ লতিফ ও উমরের CCTV ফুটেজ প্রকাশ করে। সেখানে হামলার আগে একাধিক জায়গায় দু'জনকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পুলিশের দাবি, ১০ নভেম্বর বিভিন্ন এলাকায় ঘুরে হামলার পরিকল্পনা করেছিল তারা। হামলার পর পালিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে CCTV ক্যামেরায়। জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর উপর হামলার পরিকল্পনা করতে মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম-সহ একাধিক জায়গায় নজরদারি চালিয়েছিল লতিফ ও উমর।

এরপরই বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মসজিদে পৌঁছে যায় নিরাপত্তাবাহিনী। সেখানেই লুকিয়েছিল এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। রাত প্রায় ২টো ৪৫ মিনিট নাগাদ গুলি চালায় লতিফ। প্রাথমিক ভাবে খানিকটা গুলির লড়াই চলে। এরপর অন্য পন্থা নেয় নিরাপত্তাবাহিনী। মসজিদের ভিতরই লতিফকে কোণঠাসা করে ফেলা হয়। ভিতরে পাঠানো হয় একটি মোবাইল ফোন।  কুলগামের SSP আনায়ত আলি দীর্ঘক্ষণ ভিডিও কলের মাধ্যমে তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেন। অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করলে তার জীবন রক্ষা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ওই আধিকারিক বলেন, 'ভাই, হাম তুমহারে সাথ হ্যায়।' অর্থাৎ, 'ভাই, আমরা তোমার সঙ্গেই রয়েছি।'

Advertisement

অভিযানের বিবরণ অনুযায়ী, 9 RR কমান্ডিং অফিসারও বারবার লতিফকে আত্মসমর্পণের আবেদন জানান। ভিডিও কলে ওই জঙ্গি বলে, 'আল্লাহ ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই। মুঝে আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়। ম্যায় বহুত খুশ হুঁ'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমি খুব খুশি।' তাঁর আরও দাবি, আল্লাহ ছাড়া তাঁর পাশে আর কেউ নেই।

আত্মসমর্পণ করতে অস্বীকার করার পরেই লুকিয়ে থাকা জায়গা থেকে তাকে বের করে আনতে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তাকে বাইরে বের করে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। যে মসজিদে সে লুকিয়ে ছিল, সেখানেও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে খবর। এরপর মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেই গুলি করে হত্যা করা হয় লতিফকে। 

ধর্মীয় উপাসনাস্থলের যাতে কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সংযম বজায় রাখছিলেন নিরাপত্তাকর্মীরা। মসজিদের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম রাখাই বাহিনীর অগ্রাধিকার বলে জানিয়েছিলেন SSP আনায়ত আলি। বলেছিলেন, 'সময় এবং দিনের আলো আমাদের হাতে রয়েছে।'

লতিফ কুলগাম জেলার খ্রেওয়ান চাদর নিউ কলোনির বাসিন্দা। সে আগে কলেজে পড়ত কিন্তু পরে পড়াশোনা ছেড়ে কাঠমিস্ত্রি হিসেবে কাজ শুরু করে। ২০২৫ সালের নভেম্বরে সে হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যায়। ১৯ নভেম্বর তার পরিবার একটি মিসিং ডায়েরি করে। সে সময়েই ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তৈবায় (LeT) যোগ দিয়েছিল লতিফ ভাট। সে নিজেই উগ্রপন্থায় গভীরভাবে প্রভাবিত হয়েছিল। সীমান্তের ওপার থেকে শান্তি, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার নির্দেশও পেয়েছিল সে। ২২ বছর বয়সী লতিফ দক্ষিণ কাশ্মীরে সক্রিয় ছিল। পুলিশের মতে, উপত্যকায় সক্রিয় থাকা একমাত্র স্থানীয় সন্ত্রাসী সে-ই। অনন্তনাগে একজন পুলিশ হেড কনস্টেবল এবং কুলগাঁওতে ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিকের হত্যার ঘটনাতেও সে জড়িত ছিল। 

নিরাপত্তাবাহিনী লতিফকে গ্রেফতারের জন্য ১৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছিল। শ্রীনগরের বিভিন্ন স্থানে তার নামে ওয়ান্টেড পোস্টারও লাগানো ছিল।

লতিফ খতম হওয়ার পর এক্স হ্যান্ডলে পোস্ট করে জওয়ানদের অভিনন্দন জানান CRPF প্রধান জিপি সিং। তিনি লেখেন, 'অভিনন্দন ছেলেরা। কোনও কোনও খাবারের পদ ঠান্ডাই ভাল লাগে, এমনকী এই ঠান্ডা ওয়েদারেও।'

 

Read more!
Advertisement
Advertisement