
Live PM Narendra Modi: শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্লেষকদের মতে, সম্ভবত নারী সংরক্ষণ বিল পাশ না হওয়া নিয়ে বক্তব্য রাখতে পারেন। ইতিমধ্যেই তামিলনাড়ুর জনসভায় বিলটি পাশ না হওয়ার জন্য তিনি বিরোধী দলদের দায়ী করেছেন। শনিবার তামিলনাড়ুর জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, এখনও বিলটি নিয়ে হাল ছাড়েনি। তিনি আরও বলেন, বিলটি পাস করানোর জন্য কেন্দ্রীয় সরকার অন্যান্য পথ খুঁজছে।
উল্লেখ্য, নারী সংরক্ষণ সংক্রান্ত ১৩১তম সাংবিধানিক সংশোধনী বিল পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। এটি পাশ হওয়ার জন্য লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। লোকসভায় মোট ৫২৮টি ভোট পড়েছিল। বিলটি পাস করার জন্য সরকারের ৩৫২টি ভোটের প্রয়োজন ছিল। কিন্তু এর পক্ষে মাত্র ২৯৮টি ভোট পড়ে। ফলে, ৫৪টি ভোটের অভাবে বিলটি পাশ হয়নি। এদিন জাতি উদ্দেশে ভাষণে কি এই নিয়েই আলোচনা করবেন প্রধানমন্ত্রী? জানতে নজর রাখুন আমাদের Live Blog-এ:
PM Speech Live: কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর, বললেন, ‘পরজীবীর মতো রাজনীতি’
শনিবার জাতির উদ্দেশে ভাষণে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নারী সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের অবস্থানকে নিশানা করে তিনি বলেন, 'এই ইস্যুতে ঐতিহাসিক ভুল শুধরে নেওয়ার সুযোগ ছিল। ব্যক্তিগতভাবে আমার এই বিশ্বাস ছিল যে, কংগ্রেস তাদের বহু দশকের পুরনো ভুল সংশোধন করবে, নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু তারা সেই সুযোগ হারিয়েছে। মহিলাদের পাশে দাঁড়িয়ে ইতিহাস গড়ার সুযোগও হাতছাড়া করেছে।'
তিনি আরও বলেন, দেশের বহু অঞ্চলে কংগ্রেসের অস্তিত্ব ক্ষীণ হয়ে গিয়েছে। তাঁর কথায়, 'পরজীবীর মতো কংগ্রেস আঞ্চলিক দলগুলির উপর নির্ভর করে নিজেদের টিকিয়ে রাখে। কিন্তু তারা চায় না আঞ্চলিক দলগুলো শক্তিশালী হোক। তাই এই সংশোধনী বিলের বিরোধিতা করে এক প্রকার রাজনৈতিক চক্রান্ত করেছে। এর ফলে বহু আঞ্চলিক দলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে।'