
ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। পাসপোর্টের বিভিন্ন তথ্যের মধ্যে অসঙ্গতির অভিযোগে মুম্বই পুলিশের অনুরোধে এই সার্কুলার জারি করা হয়েছে বলে আদালতে জানানো হয়। কয়েক দিন আগেই লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ।
কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল (ASG) চেতন শর্মা। বিচারপতি অমিত মহাজনের এজলাসে তিনি জানান, সৌরভের পাসপোর্ট সংক্রান্ত নথিতে তাঁর পড়াশোনা, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত একাধিক অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতিগুলি তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলতে পারে।
শুনানিতে লুক আউট সার্কুলার জারির বিষয়টি নিয়ে জোরদার সওয়াল-জবাব করে দুই পক্ষের আইনজীবীরা। সৌরভের আইনজীবী প্রশ্ন তোলেন, কোনও ব্যক্তিকে তাঁর বিরুদ্ধে জারি হওয়া সার্কুলার সম্পর্কে না জানিয়ে এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনও নির্দেশ না দেখিয়ে কীভাবে দেশ ছাড়তে বাধা দেওয়া যায়?
এদিন ওই সিজেপি নেতার বিরুদ্ধে সওয়াল করেন আইনজীবী অখিল সিবল। তাঁর দাবি, দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই সৌরভকে শো-কজ নোটিস দেওয়া হয়। তার আগে তাঁকে কোনও নির্দেশ বা নোটিস দেওয়া হয়নি। আদালতে সিবল বলেন, তাঁর মক্কেলকে লুক আউট সার্কুলার সম্পর্কে কিছুই জানানো হয়নি। একজন নাগরিকের সঙ্গে এভাবে আচরণ করা যায় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
সৌরভের আইনজীবী জানতে চান, ঠিক কোন অপরাধের ভিত্তিতে এবং কবে এই LOC জারি করা হয়েছে। সার্কুলারের একটি কপি দেওয়ারও আবেদন জানান তাঁরা, যাতে আইনি পথে পরবর্তী পদক্ষেপ করা যায়। তবে কেন্দ্রের তরফে জানানো হয়, LOC-র কপি দেওয়া সম্ভব নয়। চেতন শর্মার যুক্তি, সৌরভ এখন সার্কুলার জারির বিষয়টি জানতে পেরেছেন। চাইলে পৃথক আইনি প্রক্রিয়ায় তিনি সেটিকে চ্যালেঞ্জ করতে পারেন।
কী কারণে এই পদক্ষেপ, তার ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্র জানায়, গত ২০ অগাস্ট পুদুচেরির পুলিশ সুপারের তরফে একটি অনুসন্ধান করা হয়েছিল। সেখানে সৌরভের পাসপোর্ট সংক্রান্ত নথিতে একাধিক অসঙ্গতির অভিযোগ পাওয়া যায়। কেন্দ্রের দাবি, পাসপোর্টের আবেদনে বাবার নামের জায়গাটি ফাঁকা রেখেছিলেন সৌরভ। আবার বিভিন্ন নথিতে তাঁর ঠিকানা কোথাও দিল্লি, কোথাও পুদুচেরি বলে উল্লেখ রয়েছে। পড়াশোনা সংক্রান্ত তথ্যেও অসঙ্গতি রয়েছে বলে দাবি সরকারের। এই বিষয়গুলি তাঁর নাগরিকত্বের উপরও প্রভাব ফেলতে পারে বলে আদালতে জানানো হয়।
কেন্দ্র আরও জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে সৌরভকে শো-কজ নোটিস পাঠানো হয়েছিল। এর চার মিনিট পর, সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে জারি করা হয় ট্রাভেল অ্যাডভাইসরি। পাসপোর্ট সংক্রান্ত অসঙ্গতির ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সৌরভের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে কেন্দ্র। সরকারের বক্তব্য, কর্তৃপক্ষ কেবল তাঁকে বিদেশযাত্রা না করার পরামর্শ দিয়েছিল। তাঁর পাসপোর্ট বাতিল করা হয়নি। শো-কজ নোটিসের জবাব না দিয়ে তিনি সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলেও আদালতে দাবি করা হয়।
উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার কথা ছিল সৌরভ দাসের। সেই উদ্দেশ্যেই ব্রিটেন যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তিনি। কিন্তু ২৪ নভেম্বর দিল্লি বিমানবন্দরের অভিবাসন কাউন্টারে তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর দাবি, বিদেশযাত্রায় বাধা দেওয়ার কোনও লিখিত নির্দেশ তাঁকে দেখানো হয়নি।