
বেঙ্গালুরুতে এক নৃশংস ও চাঞ্চল্যকর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রেমিককে ‘ইংলিশ স্টাইলে প্রোপোজ’ করার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এক তরুণী। গত ২১ এপ্রিল দুপুর প্রায় ২টা নাগাদ ব্যাদারাহাল্লি থানার অন্তর্গত আঞ্জনানগরে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কিরণ (২৭)। অভিযুক্ত প্রেমা (২৭) একই সংস্থায় কাজ করতেন এবং তাঁদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমা কিরণকে বাড়িতে ডেকে বলে, সে তাকে “ইংলিশ স্টাইলে” প্রপোজ করবে। বাড়িতে তখন আর কেউ ছিল না। অভিযোগ, কিরণ সেখানে পৌঁছতেই প্রেমা দড়ি দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে। তদন্তকারীদের সন্দেহ, হত্যার আগে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল।
এরপরই প্রেমা কিরণের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতরভাবে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিরণের। অভিযোগ, পুরো ঘটনাটি সে মোবাইলে রেকর্ডও করেছিল।
পুলিশ জানিয়েছে, কিরণ সম্প্রতি তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখছিল এবং প্রেমাকে এড়িয়ে চলছিল। এমনকি তার নম্বরও ব্লক করে দেয়। পরে প্রেমা অন্য নম্বর থেকে যোগাযোগ করে তাকে বিয়েতে রাজি করায় এবং পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে আনে।
তদন্তে আরও জানা গিয়েছে, প্রেমা আগেভাগেই এই খুনের পরিকল্পনা করেছিল। সে আগে থেকেই কেরোসিন ও পেট্রোল কিনে রেখেছিল এবং কিরণকে বাঁধার জন্য অনলাইনে হাতকড়াও অর্ডার করেছিল। এমনকি কিরণকে প্রায় ৪ লক্ষ টাকার একটি বাইক ও মোবাইল উপহার দেওয়ার কথাও ছিল।
ঘটনার দিন দু’জনের মধ্যে আবারও বিয়ে নিয়ে বচসা হয়। সেই সময়ই প্রেমা ক্ষিপ্ত হয়ে কিরণের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
খুনের পর নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা ছিল প্রেমার। তার ঘর থেকে বিষের বোতল ও কিছু ওষুধ উদ্ধার হয়েছে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রেমা নিজেও আংশিক দগ্ধ হয় এবং আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। পরে এক প্রতিবেশী তাকে সাহায্য করেন।
অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।